এশিয়ান গেমস হকির বাছাইপর্বে লড়াকু পারফরম্যান্স দেখিয়েও শেষ পর্যন্ত পরাজয় এড়াতে পারেনি বাংলাদেশ জাতিয় হকি দল। ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে ৩–২ গোলে হেরে প্রথমবারের মতো হার দেখল দলটি।
ম্যাচের শুরুটা ছিল শ্রীলঙ্কার দখলে। উজবেকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসী থাকা শ্রীলংকা ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায়। তবে পিছিয়ে পড়েও দ্রুত ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। প্রথম কোয়ার্টারের শেষ দিকে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে সমতা ফেরান আশরাফুল ইসলাম।
দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নেয় শ্রীলঙ্কা। কুশল ভেরাপল্লির জোরালো হিটে এগিয়ে যায় দলটি। তৃতীয় কোয়ার্টারে একাধিক আক্রমণ গড়লেও গোলের দেখা পায়নি বাংলাদেশ।
চতুর্থ ও শেষ কোয়ার্টারে ব্যবধান আরও বাড়িয়ে নেয় শ্রীলঙ্কা। ৪৯তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলামের নিখুঁত শটে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার আশা জাগায় বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত আর সমতা ফেরাতে পারেনি দলটি।
এর আগে চাইনিজ তাইপেকে ৪–৩ গোলে হারিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে পুল ‘বি’তে তৃতীয় স্থানে আছে দলটি। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে শ্রীলঙ্কা।
অন্যদিকে, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে হেরে যাওয়া উজবেকিস্তান নিজেদের দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপেকে ৮–০ গোলে উড়িয়ে দিয়ে ঘুরে দাঁড়িয়েছে।
বাংলাদেশ তাদের পরবর্তী ম্যাচে সোমবার উজবেকিস্তানের মুখোমুখি হবে, যা পুল পর্বে তাদের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়ে উঠবে।
এবারের বাছাইপর্বে পুল ‘এ’ ও ‘বি’ মিলিয়ে মোট ৯টি দল অংশ নিচ্ছে। এর মধ্যে শীর্ষ ছয়টি দল আগামী সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে।
উল্লেখ্য, এশিয়ান গেমসের হকি ইভেন্টে বাংলাদেশ এখন পর্যন্ত ১১ বার অংশ নিয়েছে। ১৯৭৮ ও ২০১৮ সালে ষষ্ঠ স্থান অর্জনই দলটির সর্বোচ্চ সাফল্য।
এসআর
মন্তব্য করুন: