আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেটের জন্য এসেছে সুখবর।
দেশের নারী দল যেমন মূলপর্বে জায়গা নিশ্চিত করেছে, তেমনি একজন বাংলাদেশি আম্পায়ারও দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছেন এই আসরে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ থেকে সাথিরা জাকির জেসিকে টুর্নামেন্টের আম্পায়ারদের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। বিশ্বকাপ শুরু হতে এখনও কিছু সময় থাকায় নিজের প্রস্তুতি আরও ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবেন তিনি। এর আগে ভারতে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপেও দায়িত্ব পালন করেছিলেন জেসি।
অন্যদিকে, বাছাইপর্ব পেরিয়ে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ নারী দল মূলপর্বে অংশগ্রহণ নিশ্চিত করেছে। গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস।
গ্রুপ ‘বি’-তে খেলবে ওয়েস্ট ইন্ডিজ, স্বাগতিক ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। বাছাইপর্ব থেকে মোট চারটি দল মূলপর্বে উঠেছে, যার মধ্যে বাংলাদেশ ‘এ’ গ্রুপে জায়গা করে নিয়েছে।
আগামী ১২ জুন এজবাস্টনে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে। ১৪ জুন একই ভেন্যুতে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। গ্রুপপর্ব শেষে ৩০ জুন ও ২ জুলাই দ্য ওভালে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল, আর ৫ জুলাই লর্ডসে হবে ফাইনাল।
এসআর
মন্তব্য করুন: