ফুটবল বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে এক নতুন অধ্যায় যুক্ত হতে যাচ্ছে।
প্রথমবারের মতো এমন একটি বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে কোনো দলের ডাগআউটে দেখা যাবে না ব্রাজিলের কোনো কোচকে।
বিশ্বকাপের শুরু থেকেই Brazil national football team যেমন নিয়মিত অংশগ্রহণ করে আসছে, তেমনি বিভিন্ন দলের কোচিং স্টাফেও ব্রাজিলিয়ানদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে ২০২৬ আসরে সেই ধারাবাহিকতা ভেঙে যাচ্ছে।
ইউরোপীয় প্লে-অফে পোল্যান্ডের কাছে হেরে আলবেনিয়ার বিদায়ের মধ্য দিয়ে শেষ হয়ে যায় ব্রাজিলিয়ান কোচদের সম্ভাবনাও। আলবেনিয়ার দায়িত্বে থাকা Sylvinho-ই ছিলেন একমাত্র ব্রাজিলিয়ান কোচ, যিনি বিশ্বকাপে জায়গা করে নিতে পারতেন। তার দল বাদ পড়ায় নিশ্চিত হয়—৪৮ দলের এই আসরে কোনো ব্রাজিলিয়ান কোচ থাকছেন না।
এবারের বিশ্বকাপে আরও একটি ব্যতিক্রমী ঘটনা ঘটছে ব্রাজিল দলকে ঘিরে। নিজেদের জাতীয় দলেও দেখা যাবে না কোনো স্বদেশি কোচ। বরং দলটির দায়িত্বে রয়েছেন ইতালিয়ান কোচ Carlo Ancelotti। ফলে বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো বিদেশি কোচের অধীনে খেলবে ব্রাজিল।
ইতিহাস ঘেঁটে দেখা যায়, ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে ২০২২ আসর পর্যন্ত প্রতিটি টুর্নামেন্টেই অন্তত একজন ব্রাজিলিয়ান কোচ কোনো না কোনো দলের দায়িত্বে ছিলেন। প্রায় এক শতাব্দীর সেই ধারাবাহিকতারই এবার ইতি ঘটতে যাচ্ছে।
ফুটবল বিশ্লেষকদের মতে, বিশ্বকাপের মতো আসরে ব্রাজিলিয়ান কোচদের অনুপস্থিতি নিঃসন্দেহে এক বড় পরিবর্তন, যা আন্তর্জাতিক ফুটবলের নতুন বাস্তবতাকেই সামনে তুলে ধরছে।
এসআর
মন্তব্য করুন: