ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে বল ব্যবহারে নতুন নির্দেশনা জারি করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
এই নতুন নিয়ম অনুযায়ী নির্দিষ্ট তিনটি পরিস্থিতিতে ম্যাচ চলাকালীন বল পরিবর্তন করা যাবে।
নিয়ম অনুযায়ী, বল পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত থাকবে মাঠের আম্পায়ারদের হাতে। ম্যাচ চলার সময় বল হারিয়ে গেলে, খুঁজে পাওয়া না গেলে অথবা আম্পায়ারদের কাছে সেটি খেলার অনুপযুক্ত মনে হলে তা বদলানো যাবে। তবে একেবারে নতুন বল দেওয়া হবে না; বরং আগের বলের সমান ওভার ব্যবহৃত একটি বল ব্যবহার করা হবে।
এছাড়া রাতের ম্যাচে দ্বিতীয় ইনিংসে বোলিং করা দলের অধিনায়ক চাইলে ১০ ওভার শেষ হওয়ার পর বল পরিবর্তনের আবেদন করতে পারবেন। তবে এটি করতে হবে নির্দিষ্ট নিয়ম মেনে—ওভারের মাঝে নয়, বরং দুই ওভারের বিরতিতে আম্পায়ারদের কাছে আবেদন জানাতে হবে।
এই নিয়মের পেছনে মূল কারণ হিসেবে ধরা হয়েছে শিশির বা বৃষ্টির কারণে বল ভিজে যাওয়ার সমস্যা। অধিনায়কের আবেদনের পর আম্পায়াররা বল পরীক্ষা করে দেখবেন এবং যুক্তিযুক্ত মনে হলে তা পরিবর্তনের অনুমতি দেবেন।
তবে এই বিশেষ সুবিধা কেবল রাতের ম্যাচের ক্ষেত্রেই প্রযোজ্য থাকবে বলে জানানো হয়েছে।
এসআর
মন্তব্য করুন: