পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরু হতে যাচ্ছে বৃহস্পতিবার থেকেই।
টুর্নামেন্ট শুরুর ঠিক আগে দল গোছাতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো। এরই মধ্যে শ্রীলঙ্কার স্পিনার মাহিশ থিকসানাকে দলে ভিড়িয়েছে নতুন দল হায়দরাবাদ কিংসমেন। এক আনুষ্ঠানিক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে তারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে থিকসানাকে ‘চতুর ও কার্যকর’ স্পিনার হিসেবে উল্লেখ করে দলে স্বাগত জানিয়েছে হায়দরাবাদ। ভেরিফায়েড ফেসবুক পেজে তার ছবি শেয়ার করে ফ্র্যাঞ্চাইজিটি জানায়, এই স্পিনার এখন তাদের স্কোয়াডের অংশ।
আগেই বেশ কয়েকজন পরিচিত ক্রিকেটারকে দলে টেনেছিল হায়দরাবাদ। দলটির নেতৃত্বে থাকবেন মার্নাস লাবুশেন। পাশাপাশি স্কোয়াডে আছেন গ্লেন ম্যাক্সওয়েল, সাইম আইয়ুব, কুশল পেরেরা, শারজিল খান ও হাসান খানের মতো খেলোয়াড়রা। থিকসানার অন্তর্ভুক্তিতে দলটির বোলিং বিভাগ আরও শক্তিশালী হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
২০২১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় থিকসানার। এরপর থেকে সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত মুখ হয়ে উঠেছেন তিনি। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ৮০-এর বেশি উইকেট নেওয়ার পাশাপাশি তার ইকোনমি রেটও বেশ নিয়ন্ত্রিত। ওয়ানডেতেও ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এই লঙ্কান স্পিনার।
এসআর
মন্তব্য করুন: