[email protected] বুধবার, ২৫ মার্চ ২০২৬
১০ চৈত্র ১৪৩২

পাকিস্তানকে হারিয়ে দারুণ সূচনা বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬ ৮:১১ পিএম

সংগৃহীত ছবি

অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ।

মঙ্গলবার (২৪ মার্চ) মালদ্বীপের মালের ন্যাশনাল স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলে পরাজিত করেছে লাল-সবুজের দল।

 

এই ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক যুক্তরাষ্ট্রপ্রবাসী তরুণ ফরোয়ার্ড রোনান সুলিভান। অভিষেক ম্যাচেই তিনি করেন জোড়া গোল, যা দলকে এনে দেয় গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট। ফলে সেমিফাইনালে ওঠার পথে এগিয়ে গেল কোচ মার্ক কক্সের শিষ্যরা।


ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল বাংলাদেশ। প্রথমার্ধে একাধিক আক্রমণ গড়লেও শেষ মুহূর্তে সফলতার অভাবে গোলের দেখা পায়নি দলটি। ফলে বিরতিতে যেতে হয় গোলশূন্য সমতায়।


বিরতির পর বদলে যায় দৃশ্যপট। আক্রমণে আরও ধার বাড়ায় বাংলাদেশ। ৫৪ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া একটি ফ্রি-কিকে দুর্দান্ত শটে জাল খুঁজে পান সুলিভান, যা দলকে এগিয়ে দেয়।


এরপর ৬১ মিনিটে পাকিস্তান একটি গোল করলেও ফাউলের কারণে সেটি বাতিল করা হয়। ম্যাচের ৬৭ মিনিটে শেখ সংগ্রামের লম্বা পাস থেকে দারুণ হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন সুলিভান, নিশ্চিত করেন দলের জয়।


শেষ সময় পর্যন্ত খেলায় নিয়ন্ত্রণ ধরে রেখে প্রতিপক্ষকে আর কোনো সুযোগ দেয়নি বাংলাদেশ। অতিরিক্ত সময়েও পাকিস্তান ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয়।


জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করায় আত্মবিশ্বাসী হয়ে উঠেছে বাংলাদেশের যুবারা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর