প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানের ফুটবল খেলা এবং চেলসির বয়সভিত্তিক দলে সুযোগ পাওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া বিভ্রান্তির অবসান ঘটিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
রোববার (২২ মার্চ ২০২৬) দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে তিনি জানান, জাইমা রহমান লন্ডনে স্কুল পর্যায়ে থাকাকালীন গোলরক্ষক হিসেবে অত্যন্ত দক্ষ ছিলেন এবং সেই সূত্র ধরেই চেলসির বয়সভিত্তিক দলে খেলার একটি সুযোগ এসেছিল।
সাবেক তারকা গোলরক্ষক আমিনুল হক উল্লেখ করেন, জাইমা রহমানের ফুটবল প্রতিভার কথা তিনি স্বয়ং প্রধানমন্ত্রীর কাছ থেকেই শুনেছিলেন এবং মিরপুরে ক্রিকেট খেলা চলাকালীন জাইমা নিজেও তার সাথে গোলকিপিং নিয়ে স্মৃতিচারণ করেছিলেন। তবে জাইমার বাবা তারেক রহমান ও মা ডা. জুবাইদা রহমান চেয়েছিলেন মেয়ে খেলাধুলার চেয়ে পড়াশোনাতেই বেশি মনোযোগী হোক, যার ফলে চেলসির সেই সুযোগটি আর গ্রহণ করা হয়নি।
প্রতিমন্ত্রী স্পষ্ট করেন যে, ইউরোপে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা প্রতিটি শিশুর স্বাভাবিক বেড়ে ওঠার অংশ এবং জাইমার ক্ষেত্রেও বিষয়টি তেমনই ছিল; কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে তার বক্তব্যকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে যা কাম্য নয়।
এসআর
মন্তব্য করুন: