[email protected] মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
৯ চৈত্র ১৪৩২

সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ভারতীয় ক্রিকেট দল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ মার্চ ২০২৬ ১২:৫৯ পিএম

সংগৃহীত ছবি

চলতি বছরের সেপ্টেম্বরে আয়ারল্যান্ড সফরে যাওয়ার কথা থাকলেও সেই পরিকল্পনায় পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

একই সময়ে আয়ারল্যান্ড সফর স্থগিত রেখে দেশের মাটিতে ভারতের বিপক্ষে সিরিজ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিসিবির পরিকল্পনা অনুযায়ী, ২০১৫ সালে স্থগিত হয়ে যাওয়া ভারত সিরিজটি নতুন করে আগস্ট-সেপ্টেম্বর সময়সূচিতে আয়োজন করা হতে পারে।

প্রস্তাবিত সূচিতে আগামী ২৮ আগস্ট বাংলাদেশে আসতে পারে ভারতীয় দল। সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে।


সম্ভাব্য সূচি অনুযায়ী, ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হতে পারে ১, ৩ ও ৬ সেপ্টেম্বর।

এরপর ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনা রয়েছে।


এই সিরিজ আয়োজনের কারণে আয়ারল্যান্ড সফর পিছিয়ে দেওয়ার অনুরোধ জানায় বিসিবি।

তবে ব্যস্ত সূচির কারণে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড নতুন সময় দিতে না পারায় আপাতত সফরটি স্থগিত রয়েছে। ভবিষ্যতে, বিশেষ করে ২০২৭ সালে, নতুন করে এই সফর আয়োজনের সম্ভাবনা রয়েছে।


বর্তমানে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান উন্নতির পথে। সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে ভালো পারফরম্যান্সের ফলে দলটি একধাপ এগিয়েছে। ২০২৭ বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করতে হলে নির্ধারিত সময়ের মধ্যে শীর্ষ আটে থাকা জরুরি।

সে কারণে আসন্ন সিরিজগুলো—বিশেষ করে ভারতসহ শক্তিশালী দলগুলোর বিপক্ষে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।


তবে সবকিছু চূড়ান্ত হলেও এখনো ভারত সরকারের আনুষ্ঠানিক অনুমোদন বাকি রয়েছে। কোনো কারণে এই সিরিজ আয়োজন সম্ভব না হলে, বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের দৌড়ে বাংলাদেশের জন্য পরিস্থিতি কঠিন হয়ে যেতে পারে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর