[email protected] শুক্রবার, ২০ মার্চ ২০২৬
৫ চৈত্র ১৪৩২

এআই ভুয়া কনটেন্ট নিয়ে আইনি পদক্ষেপ, কোটি টাকার মানহানির মামলা গম্ভীরের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬ ১০:২৭ পিএম

সংগৃহীত ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে বড় অঙ্কের মানহানির মামলা করেছেন বিশ্বকাপজয়ী কোচ গৌতম গম্ভীর।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তিনি দিল্লি হাইকোর্টে এ মামলা দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়েছে, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম তার অনুমতি ছাড়াই নাম ও ছবি ব্যবহার করে পণ্য বিক্রি করছে এবং ভুয়া পোস্ট ও ভিডিও ছড়াচ্ছে, যা তার ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এ কারণে ভবিষ্যতে এমন কার্যক্রম বন্ধে স্থায়ী নিষেধাজ্ঞাও চেয়েছেন তিনি। ক্ষতিপূরণ হিসেবে দাবি করা হয়েছে ২ কোটি ৫০ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটির বেশি।
মামলায় মোট ১৬ জন বা প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে কিছু ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের পাশাপাশি ই-কমার্স সাইট ও বড় প্রযুক্তি প্রতিষ্ঠানও রয়েছে। অভিযোগ অনুযায়ী, কিছু ভিডিওতে গম্ভীরকে এমন মন্তব্য করতে দেখানো হয়েছে, যা তিনি কখনো করেননি। এমনকি একটি ভিডিওকে তার পদত্যাগের ঘোষণা হিসেবেও প্রচার করা হয়েছে, যা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
এই মামলায় ভারতের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। কপিরাইট, ট্রেডমার্ক এবং বাণিজ্যিক আইনসহ বিভিন্ন আইনের ভিত্তিতে মামলাটি করা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি, এআই-নির্ভর কনটেন্ট নিয়ন্ত্রণে আদালতের পূর্ববর্তী কিছু সিদ্ধান্তও এতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, গৌতম গম্ভীর ২০২৪ সালে ভারতের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন। কোচিং ক্যারিয়ারে তিনি ইতোমধ্যে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন। এর আগে ক্রিকেটার হিসেবেও ভারতের হয়ে টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর