তরুণ পেসার নাহিদ রানার গতির ঝড় এবং ওপেনার তানজিদ হাসান তামিমের বিধ্বংসী ব্যাটিংয়ে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ।
মাত্র ১৫.১ ওভারেই ৮ উইকেটের জয় তুলে নিয়ে তিন ম্যাচের সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।
১১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন তানজিদ হাসান তামিম। টি-টোয়েন্টি ধাঁচের ব্যাটিংয়ে মাত্র ৩২ বলেই ফিফটি তুলে নেন তিনি। শেষ পর্যন্ত ৪২ বলে ৭টি চার ও ৫টি ছক্কায় ৬৭ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন এই ওপেনার।
অন্যদিকে ৩৩ বলে ২৭ রান করে আউট হন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
এর আগে বুধবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল পাকিস্তান। উদ্বোধনী জুটিতে তারা তোলে ৪১ রান। তবে এরপরই ধস নামে তাদের ইনিংসে। পরবর্তী ৪১ রান তুলতেই হারায় ৯টি উইকেট।
এক পর্যায়ে ১৯ ওভারে ৭০ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে এত কম রানে আগে কখনও ৬ উইকেট হারায়নি তারা। শেষ পর্যন্ত নাহিদ রানার গতিময় বোলিংয়ের সামনে টিকতে না পেরে ৩০.৪ ওভারে ১১৪ রানেই অলআউট হয় সফরকারীরা।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন ফাহিম আশরাফ। ৪৭ বলের ইনিংসে ছিল ৬টি চার ও একটি ছক্কা।
বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন নাহিদ রানা। তিনি ৭ ওভারে ২৫ রান দিয়ে ক্যারিয়ারের সেরা ৫ উইকেট নেন। অধিনায়ক মেহেদি হাসান মিরাজও দারুণ বোলিং করে ১০ ওভারে ২৯ রান খরচায় ৩টি উইকেট শিকার করেন।
এসআর
মন্তব্য করুন: