দীর্ঘ বিরতির পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল।
গত ডিসেম্বরের পর থেকে জাতীয় দল কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। এর মাঝে বিশ্বকাপে অংশ নেওয়ার সম্ভাবনা থাকলেও বিভিন্ন জটিলতার কারণে তা বাস্তবায়িত হয়নি।
প্রায় চার মাস পর অবশেষে পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে মাঠে নামছে টাইগাররা। মাঝখানে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে সিরিজটি অনুষ্ঠিত হবে কি না তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে সব শঙ্কা কাটিয়ে নির্ধারিত সময়েই শুরু হচ্ছে এই সিরিজ।
এই সিরিজে বাংলাদেশের দলে কিছু কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। নিয়মিত ওপেনার লিটন দাসকে এবার মিডল অর্ডারে খেলানোর পরিকল্পনা রয়েছে টিম ম্যানেজমেন্টের। গত কয়েক বছরে মিডল অর্ডারের দুর্বলতা কাটাতে তাকে এই ভূমিকায় দেখা যেতে পারে। একই কারণে আবারও দলে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার আফিফ হোসেন।
সাম্প্রতিক ওয়ানডে সিরিজে স্পিন নির্ভর কৌশল ব্যবহার করেছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচে মাত্র একজন পেসার নিয়ে মাঠে নেমেছিল দল। তবে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে সেই পরিকল্পনা থেকে কিছুটা সরে এসে দুই পেসারকে একাদশে দেখা যেতে পারে। সম্ভাব্য পেস আক্রমণে থাকতে পারেন তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
সব কিছু বিবেচনায় পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ হতে পারে—
সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
এসআর
মন্তব্য করুন: