[email protected] শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২

নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের আশা টিকিয়ে রাখল ইংল্যান্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪২ পিএম

সংগৃহীত ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে সমীকরণ ছিল স্পষ্ট—এই ম্যাচে নিউজিল্যান্ড জিতলেই বিদায় নিশ্চিত হতো পাকিস্তানের।

এমন গুরুত্বপূর্ণ লড়াইয়ে কিউইদের বিপক্ষে দারুণ জয় তুলে নিয়ে শুধু গ্রুপ চ্যাম্পিয়নই হয়নি ইংল্যান্ড, একই সঙ্গে শেষ চারে ওঠার লড়াইয়ে পাকিস্তানের সম্ভাবনাও বাঁচিয়ে রেখেছে।


শুক্রবার দিনের একমাত্র ম্যাচে ইংল্যান্ড ক্রিকেট দল ৪ উইকেটে হারায় নিউজিল্যান্ড ক্রিকেট দলকে। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৯ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে ১৯.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।


ইংল্যান্ডের ইনিংস
রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। দুই ওভারের মধ্যেই ফিরে যান দুই ওপেনার। ফিল সল্ট ৪ বলে ২ রান করে আউট হন, আর জস বাটলার রানের খাতা খোলার আগেই বিদায় নেন।


এরপর চাপ সামলানোর চেষ্টা করেন অধিনায়ক হ্যারি ব্রুক ও জ্যাকব বেথেল। ব্রুক ২৪ বলে ২৬ রান করে ফিরলে কিছুটা চাপে পড়ে দল। বেথেল ১৬ বলে ২১ রান করেন। স্যাম কারান ২২ বলে ২৪ রান যোগ করেন।
মাঝপথে ৩৩ রান করে আউট হন টম ব্যান্টন। তবে শেষ দিকে দৃঢ় জুটি গড়ে দলকে জয়ের পথে নেন উইল জ্যাকস ও রেহান আহমেদ। জ্যাকস ৩২ ও রেহান ১৯ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।


নিউজিল্যান্ডের ইনিংস
টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতে চাপে পড়ে নিউজিল্যান্ড। জোফরা আর্চারর সুইংয়ে ভুগতে থাকেন ওপেনার টিম সেইফার্ট। যদিও পরে তিনি ঘুরে দাঁড়িয়ে ২৫ বলে ৩৫ রান করেন। অপর ওপেনার ফিন অ্যালেন ১৯ বলে ২৯ রান যোগ করেন। পাওয়ার প্লেতে দুজন মিলে ৫৪ রান তোলেন।


মাঝের সারিতে ধীরগতির ইনিংস খেলেন রাচিন রবীন্দ্র (১১ রান)। সর্বোচ্চ ৩৯ রান আসে গ্লেন ফিলিপসর ব্যাট থেকে। এছাড়া মার্ক চাপম্যান ১৫ ও কোল ম্যাককনচি ১৪ রান করেন।


ইংল্যান্ডের হয়ে চার স্পিনার মিলে ৭ উইকেট তুলে নেন। আদিল রশিদ, উইল জ্যাকস ও রেহান আহমেদ নেন দুটি করে উইকেট।
ম্যাচসেরা ও ফলাফল
৪ উইকেটের জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন উইল জ্যাকস।
এই জয়ের ফলে সেমিফাইনালে ওঠার লড়াই আরও জমে উঠেছে, আর শেষ চারে খেলার সম্ভাবনা এখনো টিকে আছে পাকিস্তানের।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর