[email protected] শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২

কঠিন সমীকরণেও টিকে আছে পাকিস্তানের সেমির আশা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১:৪২ পিএম

সংগৃহীত ছবি

সুপার এইট পর্ব থেকে ইতোমধ্যেই বিদায় নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে।

গ্রুপ-২ থেকে দুই ম্যাচে ৪ পয়েন্ট তুলে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। শ্রীলঙ্কাকে হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ এখন ৩ পয়েন্ট। অন্যদিকে দুই ম্যাচ শেষে পাকিস্তানের ঝুলিতে মাত্র ১ পয়েন্ট। ফলে শেষ চারে ওঠার লড়াই এখন মূলত নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যে।


পয়েন্ট ও রানরেট—দুই দিক থেকেই এগিয়ে কিউইরা। নিউজিল্যান্ডের নেট রানরেট ৩.০৫০, যেখানে পাকিস্তানের -০.৪৬১। তবু গাণিতিক হিসেবে এখনো সুযোগ রয়েছে পাকিস্তানের সামনে।
কীভাবে সম্ভব?


প্রথম শর্ত—নিজেদের শেষ ম্যাচে জয় পেতে হবে পাকিস্তানকে। পাশাপাশি নিউজিল্যান্ডকে হারতে হবে তাদের পরের ম্যাচে। তখন দুই দলের পয়েন্ট হবে সমান ৩। তবে শুধু এতেই হবে না; নেট রানরেটের বড় ব্যবধানও ঘোচাতে হবে পাকিস্তানকে।


পরিসংখ্যান বিশ্লেষক ও ক্রীড়া সাংবাদিক মাজহার আরশাদ সম্ভাব্য সমীকরণ তুলে ধরেছেন। তার মতে, যদি ইংল্যান্ডের কাছে নিউজিল্যান্ড ২০ রানে হারে, তাহলে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানকে আগে ব্যাট করে অন্তত ৫০ রানের ব্যবধানে জিততে হবে।


ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম Cricbuzz এক প্রতিবেদনে উল্লেখ করেছে—ইংল্যান্ড যদি নিউজিল্যান্ডকে ৫০ রানে হারায়, সে ক্ষেত্রে পাকিস্তানের জন্য সমীকরণ কিছুটা সহজ হবে। তখন শ্রীলঙ্কাকে অন্তত ২০ রানে হারালেই চলবে। আর যদি রান তাড়া করতে হয়, তবে ১৭.৫ ওভারের মধ্যেই লক্ষ্য ছুঁতে হবে পাকিস্তানকে (ধরা হচ্ছে নিউজিল্যান্ড ৫০ রানে হেরেছে)।


তবে নিউজিল্যান্ড যদি নিজেদের শেষ ম্যাচে জয় পায়, তাহলে সব হিসাব-নিকাশই অর্থহীন হয়ে যাবে। সেক্ষেত্রে ৫ পয়েন্ট নিয়ে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে উঠবে, আর ইংল্যান্ড থাকবে রানার্সআপ হিসেবে। তখন পাকিস্তানের বিদায় নিশ্চিত হবে সুপার এইট থেকেই। এমনকি ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলেও পাকিস্তানের আর কোনো সম্ভাবনা থাকবে না।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর