বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে ঘিরে আবারও আলোচনা শুরু হয়েছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার মূল্য নিয়ে।
আসন্ন আসরে তাকে দলে পেতে মোটা অঙ্ক ব্যয় করেছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্স।
এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিলামে ৯ কোটি রুপিতে সুযোগ পেয়েছিলেন এই পেসার। তবে শেষ পর্যন্ত তিনি সেই আসরে খেলতে পারছেন না। অন্যদিকে পিএসএলে প্রায় ৬ কোটি ৪৪ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে লাহোর।
লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা মোস্তাফিজকে দলে নিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন। তার ভাষ্য, মোস্তাফিজের বোলিং ভ্যারিয়েশন ও বিশেষ করে ডেথ ওভারে কার্যকারিতা তাকে আলাদা করে তোলে।
তিনি মনে করেন, আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিক অভিজ্ঞতা ও ম্যাচ পরিস্থিতি সামলানোর সক্ষমতার কারণেই ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে তার চাহিদা বেশি।
সামিন রানা আরও বলেন, সময়ের সঙ্গে মোস্তাফিজের পরিপক্বতা ও দক্ষতা বেড়েছে, যা তাকে সীমিত ওভারের ক্রিকেটে অন্যতম কার্যকর বোলারে পরিণত করেছে।
উল্লেখ্য, গত আসরেও লাহোরের হয়ে খেলেছিলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন।
তার পারফরম্যান্স দলটির সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে জানান ফ্র্যাঞ্চাইজিটির মালিক। সেই অভিজ্ঞতার আলোকে বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি নিজেদের আস্থার কথাও তুলে ধরেন তিনি।
এসআর
মন্তব্য করুন: