বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে অভিজ্ঞতা থাকলেও ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হানড্রেড’-এ এখনও খেলা হয়নি বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান-এর।
নতুন অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যেই এবার তিনি এই টুর্নামেন্টের আসন্ন নিলামের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।
আগামী মার্চে অনুষ্ঠিতব্য নিলামে কোনো দল তাকে দলে নিলে, তিনিই হবেন দ্য হানড্রেডে অংশ নেওয়া প্রথম বাংলাদেশি ক্রিকেটার। এর আগে গত নভেম্বরে আইপিএল-এর নিলামে তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। তবে পরবর্তী সময়ে তাকে নিয়ে অনাকাঙ্ক্ষিত জটিলতা তৈরি হয় এবং শেষ পর্যন্ত তিনি দলটির হয়ে মাঠে নামতে পারেননি।
অন্যদিকে পাকিস্তান সুপার লিগেও সুযোগ পেয়েছেন এই কাটার মাস্টার। লাহোর কালান্দার্স তার সঙ্গে প্রায় ৬ কোটি ৮৮ লাখ পাকিস্তানি রুপিতে সরাসরি চুক্তি করেছে।
তবে দ্য হানড্রেডের নিলামে দল পাওয়া সহজ হবে কি না, তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে পাকিস্তানি ক্রিকেটারদের দলে ভেড়াতে অনাগ্রহী হতে পারে ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিগুলো। উল্লেখ্য, দ্য হানড্রেডের আটটি দলের মধ্যে ছয়টির মালিকানায় ভারতীয় অংশীদার রয়েছে।
সব মিলিয়ে নতুন এই লিগে সুযোগ পেলে মোস্তাফিজের সামনে খুলে যেতে পারে আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আরেকটি বড় মঞ্চ।
এসআর
মন্তব্য করুন: