ক্যারিয়ারের কঠিন সময় পার করছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।
চোট ও ফিটনেস জটিলতায় ভুগতে থাকা এই ফরোয়ার্ড জানিয়েছেন, চলতি বছরের শেষেই তিনি পেশাদার ফুটবলকে বিদায় জানানোর কথা ভাবছেন। ব্রাজিলের একটি অনলাইন প্ল্যাটফর্মে দেওয়া সাক্ষাৎকারে ৩৪ বছর বয়সী এই ফুটবলার বলেন, ডিসেম্বরের দিকে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন।
দীর্ঘদিন ধরে চোটের সঙ্গে লড়াই করতে হচ্ছে তাকে। গত বছরের জানুয়ারিতে সৌদি আরবের ক্লাব আল হিলাল ছাড়ার পর শৈশবের ক্লাব সান্তোস-এ ফেরেন নেইমার। বর্তমান চুক্তি চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। তবে নিয়মিত চোট তার পারফরম্যান্স ও ধারাবাহিকতায় প্রভাব ফেলেছে।
গত মৌসুমে চোট নিয়েই খেলেছেন তিনি এবং দলকে অবনমন থেকে রক্ষা করতে অবদান রাখেন। কিন্তু এর খেসারত দিতে হয়েছে শারীরিকভাবে। হাঁটুতে অস্ত্রোপচারের পর দীর্ঘ পুনর্বাসন শেষে ১৬ ফেব্রুয়ারি ভেলো ক্লাবের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফেরেন। যদিও পুরোপুরি সুস্থ না হওয়ায় তাকে সতর্কভাবেই খেলতে হচ্ছে।
২০২৬ বিশ্বকাপে খেলা তার বড় লক্ষ্যগুলোর একটি। তবে ২০২৩ সালের অক্টোবরের পর জাতীয় দলের হয়ে মাঠে নামা হয়নি। ব্রাজিল দলের কোচ কার্লো আনচেলত্তি তার জন্য জাতীয় দলের দরজা খোলা রাখলেও শর্ত দিয়েছেন পূর্ণ ফিটনেস ফিরে পাওয়ার। নেইমারও স্বীকার করেছেন, বর্তমান শারীরিক অবস্থায় বিশ্বকাপ দলে জায়গা পাওয়া সহজ হবে না।
ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথাও জানিয়েছেন তিনি। তার ভাষ্য, আপাতত এ বছরটিকেই গুরুত্ব দিচ্ছেন এবং বছরের শেষে নিজের হৃদয়ের সিদ্ধান্ত অনুযায়ী পথ বেছে নেবেন।
ব্রাজিলের হয়ে ১২৮ ম্যাচে ৭৯ গোল করে দেশের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনে আছেন নেইমার। ইউরোপে বার্সেলোনা-র হয়ে ট্রেবল জয়ের কৃতিত্ব আছে তার। পাশাপাশি প্যারিস সেন্ট-জার্মেই-এর হয়েও জিতেছেন একাধিক শিরোপা। তিনটি বিশ্বকাপে অংশ নেওয়া এই তারকা সামনে যদি অবসর নেন, তাহলে সেটি হবে আন্তর্জাতিক ফুটবলের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি।
এসআর
মন্তব্য করুন: