চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের আবহেই ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর-এর কাছে আইপিএল ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে কোচিংয়ের প্রস্তাব পৌঁছেছে বলে জানা গেছে।
ভারতীয় গণমাধ্যমের সূত্রে খবর, রাজস্থান রয়্যালস তাঁকে দলে যুক্ত করতে আগ্রহ প্রকাশ করেছে। তবে প্রাথমিকভাবে এই প্রস্তাবে সাড়া দেননি গম্ভীর।
প্রতিবেদন অনুযায়ী, রাজস্থানের নতুন মালিকপক্ষ গম্ভীরের সঙ্গে যোগাযোগ করেছে। ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা পরিবর্তনের পর দল গঠন ও ব্যবস্থাপনায় বড় ধরনের রদবদল আনা হচ্ছে। সেই ধারাবাহিকতায় গম্ভীরকে মেন্টর, প্রধান পরামর্শদাতা কিংবা শীর্ষ প্রশাসনিক ভূমিকায় আনার চিন্তাভাবনা চলছে।
তবে আপাতত জাতীয় দলের দায়িত্বেই মনোযোগ রাখতে চান ভারতের এই সাবেক অধিনায়ক। তাঁর বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত কার্যকর রয়েছে। ইতোমধ্যে তাঁর অধীনে ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে সাফল্যের স্বাক্ষর রেখেছে।
চলতি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ-এ ভারতের একটি ম্যাচ বাকি থাকতেই দল সুপার এইট নিশ্চিত করেছে। সামনে ২০২৭ সালে একদিনের বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। ওই সময় পর্যন্ত জাতীয় দলের সঙ্গেই থাকতে আগ্রহী গম্ভীর। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর পরিস্থিতি অনুযায়ী আইপিএলে কাজ করার বিষয়ে তিনি ভাবতে পারেন।
উল্লেখ্য, জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালনকালে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির কোচিংয়ে যুক্ত হওয়া নিয়মত সম্ভব নয়। আইপিএলে গম্ভীরের অতীত অভিজ্ঞতাও উল্লেখযোগ্য। লখনৌ সুপার জায়ান্টস-এর মেন্টর হিসেবে দলকে টানা দুই মৌসুম প্লে-অফে তুলেছিলেন তিনি। এছাড়া কলকাতা নাইট রাইডার্স-এর সঙ্গে যুক্ত থেকে শিরোপা জয়ের কৃতিত্বও রয়েছে তাঁর ঝুলিতে।
সেই সাফল্যের কারণেই রাজস্থান তাঁর প্রতি আগ্রহ দেখিয়েছে বলে মনে করা হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: