চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের ভরাডুবির পর দল নিয়ে কড়া মন্তব্য করেছেন দেশটির সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি।
বিশেষ করে পেসার শাহিন শাহ আফ্রিদির পারফরম্যান্সে তিনি প্রকাশ্যে অসন্তোষ জানান।
গ্রুপ পর্বের বহুল আলোচিত ম্যাচে শাহিনকে মাত্র দুই ওভারের কিছু বেশি বল করতে দেখা যায়। নিজের প্রথম বলেই ছক্কা হজম করেন তিনি। পুরো স্পেলে ৩১ রান দেন এই বাঁহাতি পেসার। একই ম্যাচে লেগস্পিনার শাদাব খান এক ওভারে ১৭ রান খরচ করেন।
ব্যাটিংয়েও ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। বড় লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান দ্রুত উইকেট হারাতে থাকে। দলের অন্যতম ভরসা বাবর আজম স্পিনের বিপক্ষে স্বাচ্ছন্দ্য থাকা সত্ত্বেও মাত্র ৫ রান করে আউট হন অক্ষর প্যাটেলর বলে।
ম্যাচ শেষে আফ্রিদি বলেন, এখন কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। তার মতে, দীর্ঘদিন সুযোগ পেয়েও প্রত্যাশা পূরণ করতে না পারলে সিনিয়র খেলোয়াড়দের বাইরে বসানো উচিত। তিনি ইঙ্গিত দেন, প্রয়োজনে শাহিন, বাবর কিংবা শাদাবদেরও একাদশের বাইরে রাখা যেতে পারে।
সাবেক এই অলরাউন্ডারের বক্তব্য, ভবিষ্যতের কথা ভেবে তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়াই এখন সময়ের দাবি। বেঞ্চে থাকা নতুনদের মাঠে নামিয়ে তাদের অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেওয়ার পক্ষে মত দেন তিনি।
একসময় ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও রুদ্ধশ্বাস লড়াই। তবে সাম্প্রতিক সময়ে ম্যাচগুলো একপেশে হয়ে যাচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। লাগাতার ব্যর্থতার পেছনে দলের মানসিকতা ও পরিকল্পনার ঘাটতির কথাও উঠে আসছে আলোচনায়।
বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলোতে দলীয় সংযোজন-বিয়োজন নিয়ে কী সিদ্ধান্ত আসে, সেটাই এখন দেখার বিষয়।
এসআর
মন্তব্য করুন: