পাকিস্তানের সাবেক ক্রিকেটার তানভীর আহমেদ-এর এক মন্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের সাবেক অফস্পিনার হরভজন সিং।
এক সাক্ষাৎকারে করা মন্তব্যে অসন্তোষ প্রকাশ করে তিনি পাল্টা কড়া ভাষায় সতর্কবার্তা দেন।
সম্প্রতি আইএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলাকালে হরভজন ব্রডকাস্টারের দায়িত্বে ছিলেন। সে সময় পাকিস্তানি স্পিনার উসমান তারিক সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়ার পর তার সাক্ষাৎকার নেন তিনি। এ প্রসঙ্গ টেনে তানভীর মন্তব্য করেন, হরভজন নাকি প্রায়ই পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সময় কাটান।
এই মন্তব্যের জবাবে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে হরভজন তানভীরের বক্তব্যকে অযৌক্তিক বলে অভিহিত করেন। তিনি দাবি করেন, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবেই তিনি সাক্ষাৎকার নিয়েছেন। পাশাপাশি তানভীরের মন্তব্যকে ‘অপ্রয়োজনীয়’ আখ্যা দিয়ে বলেন, ব্যক্তিগতভাবে তিনি তাকে চেনেনও না।
ভিডিওতে হরভজন আরও বলেন, অযথা বিতর্ক তৈরি না করে সম্মানজনক আচরণ বজায় রাখা উচিত। আবারও এমন মন্তব্য করা হলে কঠোর জবাব দেওয়া হবে বলেও ইঙ্গিত দেন তিনি।
তানভীরের দাবি ছিল, হরভজন পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে অতিরিক্ত মেলামেশা করেন। তবে এ অভিযোগ সরাসরি নাকচ করে হরভজন বলেন, ক্রিকেটারদের পারস্পরিক সম্মান বজায় রাখা জরুরি এবং যারা প্রকৃত সাফল্য অর্জন করেছেন, তারা এ ধরনের মন্তব্যে জড়ান না।
এসআর
মন্তব্য করুন: