[email protected] মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
২৭ মাঘ ১৪৩২

ভারতের কাছে হারার পরই জানলেন বিশ্বকাপের খবর, বার্তা দিলেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৬ ৩:২০ পিএম

সংগৃহীত ছবি

ক্রিকেট যে এখনো পুরোপুরি বৈশ্বিক ক্রীড়া হিসেবে প্রতিষ্ঠা পায়নি—তার আরেকটি উদাহরণ মিলল মার্কিন রাজনীতির শীর্ষ পর্যায় থেকে।

টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ নিয়ে মাঠের বাইরে যত আলোচনা-সমালোচনাই থাকুক, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে টুর্নামেন্টটি শুরু হওয়ার বিষয়েই অবগত ছিলেন না, সেটিই স্পষ্ট হয়েছে।
ভারতের কাছে যুক্তরাষ্ট্র দলের পরাজয়ের এক দিন পর অবশেষে বিশ্বকাপের খবর জানতে পারেন ট্রাম্প।

এরপরই তিনি নিজের দেশের ক্রিকেট দলকে শুভকামনা জানিয়ে প্রকাশ্যে বার্তা দেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “আমি এখনই জানতে পারলাম যে ভারতে ক্রিকেট বিশ্বকাপ শুরু হয়েছে! টিম ইউএসএকে আমার শুভেচ্ছা। দলটা বেশ শক্তিশালী—আমেরিকা তোমাদের সঙ্গে আছে।”


বাংলাদেশ সময় রাত ১০টার দিকে দেওয়া এই পোস্টটি আসে ভারতের মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে যুক্তরাষ্ট্রের ২৯ রানের হারের ঠিক এক দিন পর।


বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে যুক্তরাষ্ট্র দারুণ লড়াই দেখায়। ভারতের ব্যাটিংয়ে শুরুতেই বিপর্যয় নামলেও অধিনায়ক সূর্যকুমার যাদবের ব্যাটে ঘুরে দাঁড়ায় দলটি। তিনি ৪৯ বলে করেন ৮৪ রান, যেখানে ছিল ১০টি চার ও ৪টি ছক্কা। ৭৭ রানে ৬ উইকেট হারানোর পরও ভারত ৯ উইকেটে ১৬১ রানের সংগ্রহ গড়ে।
যুক্তরাষ্ট্রের পক্ষে বোলিংয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন শ্যাডলি ভ্যান স্কাল্কউইক। দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া এই পেসার ২৫ রানে তুলে নেন ৪টি উইকেট।
১৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে যুক্তরাষ্ট্র। জসপ্রিত বুমরাহর পরিবর্তে দলে আসা মোহাম্মদ সিরাজ দুর্দান্ত বোলিং করে ২৯ রানে নেন ৩ উইকেট। পরে মিলিন্দ কুমার (৩৪), সঞ্জয় কৃষ্ণমূর্তি (৩৭) ও শুভম রানজানে (৩৭) কিছুটা লড়াই করলেও ভারতের স্পিন জুটি বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর