[email protected] সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
২৬ মাঘ ১৪৩২

শেষ ওভারের নাটকে ভেঙে পড়ল নেপালের স্বপ্ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৬ ৮:১৩ পিএম

সংগৃহীত ছবি

জয়ের একেবারে দোরগোড়ায় গিয়েও শেষ রক্ষা হলো না নেপালের।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডকে প্রায় হারিয়েই ফেলেছিল হিমালয়ের দেশটি। কিন্তু শেষ ওভারের চাপ সামলাতে না পেরে শেষ পর্যন্ত ৪ রানে পরাজয় মেনে নিতে হলো নেপালকে।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোমাঞ্চকর এই ম্যাচে শেষ মুহূর্তে অভিজ্ঞতার জোরেই জয় ছিনিয়ে নেয় ইংল্যান্ড।
টস জিতে আগে ব্যাট করতে নেমে ইংল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৮৪ রান। জবাবে নেপাল ৬ উইকেট হারিয়ে থামে ১৮০ রানে।
ইংল্যান্ডের ইনিংসের শুরুটা ভালো হয়নি। ওপেনার ফিল সল্ট মাত্র ১ রান করেই ফিরে যান। তবে জস বাটলার ও জ্যাকব বেথেলের ব্যাটে ইনিংস গতি পায়।

বেথেল একপ্রান্ত আগলে রেখে আক্রমণাত্মক ব্যাটিং করেন। ৩৫ বলে ৫৫ রানের দৃষ্টিনন্দন ইনিংস খেলেন তিনি। অধিনায়ক হ্যারি ব্রুকও ঝলক দেখান—৩২ বলে করেন ৫৩ রান। শেষদিকে উইল জ্যাকসের ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয় ইংল্যান্ড। জ্যাকস অপরাজিত থাকেন ১৮ বলে ৩৯ রান করে।
নেপালের পক্ষে দীপেন্দ্র সিং আইরে ও নন্দন যাদব দুটি করে উইকেট নেন।


লক্ষ্য তাড়ায় নেপালও শুরুটা আশাব্যঞ্জক করে। কুশল ভুরটেলের আক্রমণাত্মক ব্যাটিং দলকে আত্মবিশ্বাস জোগায়। এরপর অধিনায়ক রোহিত পাউডেল ও দীপেন্দ্র সিং আইরে ম্যাচে উত্তেজনা ফেরান। আইরে ২৯ বলে ৪৪ রান করে দলকে জয়ের খুব কাছে নিয়ে যান। শেষ দিকে লোকেশ বামের ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচ পুরোপুরি নেপালের দিকে ঝুঁকে পড়ে।


শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ২৪ রান, যা একপর্যায়ে সহজই মনে হচ্ছিল। তবে শেষ ওভারে স্যাম কারানের দুর্দান্ত বোলিং সব হিসাব পাল্টে দেয়। ১০ রানের সমীকরণ আর মেলাতে পারেনি নেপাল। শেষ বলে ৬ রান প্রয়োজন হলেও আসে মাত্র ১ রান। ফলে ৪ রানের নাটকীয় জয় নিশ্চিত করে ইংল্যান্ড।


ইংল্যান্ডের হয়ে বল হাতে লিয়াম ডওসন নেন ২ উইকেট। একটি করে উইকেট পান স্যাম কারান, জফরা আর্চার, লুক উড ও উইল জ্যাকস। ব্যাটে-বলে অবদান রাখায় ম্যাচসেরার পুরস্কার পান উইল জ্যাকস।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর