ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশের টুর্নামেন্ট থেকে বাদ পড়ার ঘটনায় সংহতি প্রকাশ করে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান।
শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকা এই ম্যাচ বয়কটের ফলে আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দেওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
শ্রীলঙ্কার সেই অনুরোধের পর পাকিস্তানের অবস্থানে কিছুটা নমনীয়তার আভাস মিলেছে। পিসিবি জানিয়েছে, বিষয়টি নিয়ে তারা আবারও সরকারের সঙ্গে আলোচনা করবে।
পাকিস্তান তাদের গ্রুপপর্বের সব ম্যাচ কলম্বো ও পাল্লেকেলেতে খেলছে। শনিবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নেদারল্যান্ডসকে ৩ উইকেটে হারিয়ে আসর শুরু করেছে তারা। পরের ম্যাচ যুক্তরাষ্ট্রের বিপক্ষে। সূচি অনুযায়ী তৃতীয় ম্যাচটি ভারতের সঙ্গে হলেও সেটি না খেললেও নিয়ম অনুযায়ী ভারতের দলকে শ্রীলঙ্কায় ম্যাচসংক্রান্ত সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।
আপাতত পরিস্থিতি নিয়ে আশাবাদের ইঙ্গিত মিলছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু–কে দেওয়া এক সূত্রের বরাতে জানানো হয়েছে, শ্রীলঙ্কার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক সবসময়ই ঘনিষ্ঠ, সরকারি ও ক্রিকেট—উভয় পর্যায়েই। সে কারণে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পাঠানো অনুরোধপত্র উপেক্ষা করা কঠিন।
ওই সূত্র আরও জানায়, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মি সিলভা পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি মনে করিয়ে দিয়েছেন, এই সময়ে শ্রীলঙ্কার আর্থিকভাবে পাকিস্তানের সহযোগিতা প্রয়োজন। ভারত-পাকিস্তান ম্যাচ না হলে টিকিট বিক্রি, গেট মানি ও হসপিটালিটি খাত থেকে উল্লেখযোগ্য রাজস্ব হারানোর আশঙ্কা রয়েছে।
সূত্রটি আরও জানায়, শ্রীলঙ্কার অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করা হয়নি। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বর্তমানে দেশে ফেরার পথে রয়েছেন এবং বিষয়টি নিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। ভারত ম্যাচ বয়কট নিয়ে পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে সরকারকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। আগামী সোমবারের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
এসআর
মন্তব্য করুন: