পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন আসরে আবারও লাহোর কালান্দার্সের জার্সিতে দেখা যাবে মোস্তাফিজুর রহমানকে।
ড্রাফটে বাংলাদেশি এই বাঁহাতি পেসারকে দলে ভেড়াতে ফ্র্যাঞ্চাইজিটি খরচ করেছে প্রায় ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি, যা বাংলাদেশি টাকায় দুই কোটি ৮০ লাখেরও বেশি।
লাহোর কালান্দার্সের সঙ্গে মোস্তাফিজের সম্পর্ক নতুন নয়। এর আগেও দুই মৌসুমে দলটির হয়ে মাঠে নেমেছিলেন তিনি। এবারও তাকে দলে নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে লাহোর কর্তৃপক্ষ।
দলে ফেরার অনুভূতি জানাতে গিয়ে মোস্তাফিজ বলেন, লাহোরের পক্ষ থেকে সুযোগ পাওয়াটা তার জন্য গর্বের। এই দলের পরিবেশ, সমর্থকদের উচ্ছ্বাস এবং ড্রেসিংরুমের বন্ধন তার খুব পরিচিত। লাহোরকে তিনি সবসময় পরিবারের মতোই মনে করেন। আবার সেই জার্সি গায়ে চাপিয়ে দলের জন্য সর্বোচ্চ দেওয়ার জন্য তিনি প্রস্তুত।
পিএসএলে তিনবার শিরোপা জেতা লাহোর কালান্দার্স বর্তমানে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন। দলটির সাম্প্রতিক সাফল্যের প্রশংসা করে মোস্তাফিজ জানান, গত কয়েক বছরে লাহোর যেভাবে নিজেদের ক্রিকেট সংস্কৃতি গড়ে তুলেছে, তা সত্যিই প্রশংসনীয়। এমন একটি ড্রেসিংরুমে ফেরা, যেখানে আগে খেলেছেন, সেটাকে তিনি বিশেষ অভিজ্ঞতা হিসেবেই দেখছেন।
শাহীন শাহ আফ্রিদির নেতৃত্বে মাঠে নামতে মুখিয়ে আছেন উল্লেখ করে মোস্তাফিজ আরও বলেন, শিরোপা ধরে রাখার লড়াইয়ে মাঠে এবং মাঠের বাইরেও দলের প্রয়োজনে নিজের সেরাটা দেওয়াই তার লক্ষ্য। তার মতে, লাহোর কালান্দার্স শুধুই একটি ক্রিকেট দল নয়—এটি একটি সংস্কৃতি ও আবেগের নাম, যার অংশ হতে পারা সবসময়ই অনুপ্রেরণার।
এসআর
মন্তব্য করুন: