[email protected] শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬
২৩ মাঘ ১৪৩২

টাইগাররা না থাকায় ইডেনে বিশ্বকাপ ম্যাচে দর্শকসংকট, টিকিট বিক্রি আশানুরূপ নয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৬ ৪:২২ পিএম

সংগৃহীত ছবি

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

তবে বাংলাদেশের অংশগ্রহণ না থাকায় কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচগুলোর প্রতি দর্শকদের আগ্রহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ দল শেষ মুহূর্তে ভারতে গিয়ে খেলতে অনীহা প্রকাশ করায় আইসিসি তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করে। আগে থেকেই ধারণা করা হচ্ছিল, বাংলাদেশের অনুপস্থিতি ইডেনে দর্শক উপস্থিতির ওপর প্রভাব ফেলবে—বাস্তবে সেটিই দেখা যাচ্ছে।

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, বিশ্বকাপ ম্যাচের টিকিট বিক্রি খুবই ধীরগতির। অফলাইন কাউন্টারগুলোতে খুব অল্প সংখ্যক দর্শককে লাইনে দাঁড়াতে দেখা যাচ্ছে। ৬৫ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে এখন পর্যন্ত সব ম্যাচ মিলিয়ে বিক্রি হয়েছে ২১ হাজারেরও কম টিকিট।

বিভিন্ন ম্যাচের টিকিট বিক্রির চিত্রও বেশ হতাশাজনক। ওয়েস্ট ইন্ডিজ–স্কটল্যান্ড, স্কটল্যান্ড–ইতালি কিংবা ইংল্যান্ড–স্কটল্যান্ড ম্যাচগুলোতে দর্শকসংখ্যা হাজারের ঘর পেরোয়নি অনেক ক্ষেত্রে। সুপার এইট ও সেমিফাইনাল পর্ব মিলিয়েও বিক্রি হয়েছে প্রায় ৯ হাজার টিকিট।

এদিকে গ্রুপ পর্বে ভারতের কোনো ম্যাচ না থাকাও দর্শক আগ্রহ কমার একটি বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। অনেকের মতে, বাংলাদেশ দল না থাকায় যে বাড়তি আবেগ ও আগ্রহ ছিল, সেটিও হারিয়ে গেছে।

তবে আয়োজক সংস্থা সিএবি জানিয়েছে, আর্থিকভাবে তারা ক্ষতির মুখে পড়ছে না। ম্যাচ আয়োজনের জন্য নির্ধারিত ফি থেকেই তাদের ব্যয় উঠে আসছে। দর্শক টানতে বাড়তি কোনো উদ্যোগও নেওয়া হয়নি।

শহরজুড়ে বিশ্বকাপ নিয়ে তেমন উন্মাদনা না থাকলেও ঘরোয়া ক্রিকেট ঘিরে আলোচনা তুলনামূলক বেশি। এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড দল কলকাতায় পৌঁছানোর প্রস্তুতি নিচ্ছে। অনুশীলন শেষে রোববার প্রথম ম্যাচে মাঠে নামবে তারা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর