[email protected] বৃহঃস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬
২২ মাঘ ১৪৩২

ভারত–পাকিস্তান ম্যাচ ঘিরে চাপে আইসিসি, পাকিস্তানকে রাজি করাতে বিশেষ উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৬ ৮:৫৬ পিএম

সংগৃহীত ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে পাকিস্তান ক্রিকেট দল বর্তমানে শ্রীলঙ্কায় অবস্থান করছে।

টুর্নামেন্টে অংশগ্রহণের সরকারি অনুমোদন মিললেও ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার অবস্থান থেকে এখনো সরে আসেনি পাকিস্তান। এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জন্য বড় ধরনের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ম্যাচ ভারত–পাকিস্তান লড়াই। এই ম্যাচটি না হলে টুর্নামেন্টের আবেদন যেমন কমবে, তেমনি আইসিসির আর্থিক ঝুঁকিও বাড়বে। সে কারণেই পরিস্থিতি সামাল দিতে সক্রিয় হয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনো আনুষ্ঠানিকভাবে বয়কটের কোনো চিঠি না দিলেও আইসিসি আগেভাগেই সমাধানের চেষ্টা শুরু করেছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ভারত–পাকিস্তান ম্যাচ বাতিল হলে সম্প্রচারকারী সংস্থাগুলোর সঙ্গে আইসিসির চুক্তি নিয়ে জটিলতা তৈরি হতে পারে। চার বছরের সম্প্রচার চুক্তিতে এই ম্যাচটি ছিল অন্যতম প্রধান আকর্ষণ, যার ওপর ভিত্তি করেই সম্প্রচারস্বত্বের মূল্য অনেক বেশি নির্ধারিত হয়েছিল।

যদি ম্যাচটি না হয়, তাহলে বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন সম্প্রচারকারীরা। এমন পরিস্থিতিতে চুক্তিভঙ্গের অভিযোগে আইসিসির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে টুর্নামেন্টের গুরুত্ব ও নিজেদের আর্থিক স্বার্থ রক্ষায় পাকিস্তানকে সিদ্ধান্ত পরিবর্তনে রাজি করাতে মরিয়া আইসিসি।

এই লক্ষ্যেই আইসিসি চেয়ারম্যান জয় শাহর ঘনিষ্ঠ সহকারী ও সিঙ্গাপুর ক্রিকেট সংস্থার প্রতিনিধি ইমরান খাজাকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। তার কাজ হলো পিসিবির সঙ্গে আলোচনা চালিয়ে ভারত ম্যাচে অংশগ্রহণের বিষয়ে সমঝোতায় পৌঁছানো।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের আসর যৌথভাবে আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা। উদ্বোধনী দিনে মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে ভারত। একই দিনে কলম্বোয় নেদারল্যান্ডসের বিপক্ষে পাকিস্তানের প্রথম ম্যাচ। বহুল প্রতীক্ষিত ভারত–পাকিস্তান ম্যাচটি সূচি অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় অনুষ্ঠিত হওয়ার কথা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর