[email protected] বৃহঃস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬
২২ মাঘ ১৪৩২

বাংলাদেশের অনুপস্থিতিতে বিশ্বকাপের টিকিট: অনিশ্চয়তার সময় কীভাবে প্রস্তুত ছিল স্কটল্যান্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৬ ১:২০ পিএম

সংগৃহীত ছবি

বিশ্বকাপে খেলা যেকোনো দলের জন্যই বড় স্বপ্ন, আর স্কটল্যান্ডের জন্য ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ সেই স্বপ্ন পূরণের মতোই গুরুত্বপূর্ণ এক অর্জন।

বাছাইপর্ব পেরোতে না পারায় শুরুতে মূল পর্বে জায়গা হয়নি স্কটিশদের। তবে শেষ মুহূর্তে বাংলাদেশের সরে দাঁড়ানোর ফলে সুযোগ আসে স্কটল্যান্ডের সামনে।

জানুয়ারি মাসজুড়ে পরিস্থিতি ছিল চরম অনিশ্চিত। সেই সময়ের অভিজ্ঞতা তুলে ধরেছেন স্কটল্যান্ডের ক্রিকেটার ফিনলে ম্যাকগ্রিথ। বেঙ্গালুরু থেকে আইএএনএসকে দেওয়া ভার্চুয়াল সাক্ষাৎকারে তিনি জানান, বিষয়টি তাদের জন্য ছিল ভীষণ আবেগের। নানা গুঞ্জন ছড়ালেও কী হতে যাচ্ছে, তা নিশ্চিতভাবে কেউ জানত না। তাই তিনি ব্যক্তিগতভাবে খুব বেশি প্রত্যাশা না করে শান্ত থাকার চেষ্টা করেছেন।

ঘটনার সূত্রপাত ৩ জানুয়ারি, যখন মোস্তাফিজুর রহমানকে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। এর পরই বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের ম্যাচ অন্য দেশে সরানোর বিষয়ে আলোচনা চললেও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি।

২২ জানুয়ারি বাংলাদেশ সরকার ভারতের মাটিতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত জানায়। বিসিবি ও আইসিসির অবস্থান অপরিবর্তিত থাকায় শেষ পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়। এর দুই দিন পর, ২৪ জানুয়ারি আইসিসি স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে নতুন সূচি প্রকাশ করে।

এই সময়টাতে স্কটল্যান্ড দল নিজেদের প্রস্তুত রেখেছিল। নিয়মিত অনুশীলনের পাশাপাশি মানসিকভাবেও তারা তৈরি ছিল বলে জানান ম্যাকগ্রিথ। তিনি বলেন, ঘোষণা এলে যেন সঙ্গে সঙ্গে বিশ্বকাপে অংশ নিতে পারে, সেই ভাবনাই ছিল সবার মধ্যে।

বর্তমানে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে স্কটল্যান্ডের অবস্থান ১৪ নম্বরে। ২৬ জানুয়ারি রিচি বেরিংটনের নেতৃত্বে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে ক্রিকেট স্কটল্যান্ড। মূল দলের পাশাপাশি রাখা হয়েছে ট্রাভেলিং ও নন-ট্রাভেলিং রিজার্ভ খেলোয়াড়ও।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘সি’ গ্রুপে স্কটল্যান্ডের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও নেপাল। ৭ ফেব্রুয়ারি উদ্বোধনী দিনেই কলকাতার ইডেন গার্ডেনসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে স্কটিশরা। গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো হবে কলকাতা ও মুম্বাইয়ে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর