আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) হালনাগাদ র্যাঙ্কিংয়ে বাংলাদেশের নারী ক্রিকেট দলের একাধিক খেলোয়াড়ের জন্য এসেছে সুখবর।
সাম্প্রতিক টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে ধারাবাহিক পারফরম্যান্সের সুফল মিলেছে ব্যক্তিগত র্যাঙ্কিংয়েও।
ব্যাটারদের তালিকায় তিন ধাপ উন্নতি করে ১৯তম স্থানে উঠে এসেছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বর্তমানে তিনিই বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছেন। বাছাইপর্ব জুড়ে আগ্রাসী ব্যাটিং করে নজর কাড়ায় বড় উন্নতি হয়েছে সোবহানা মোস্তারীরও। তিনি ১৬ ধাপ এগিয়ে এখন আছেন ৩৬ নম্বরে।
অন্যদিকে, শুরুর দিকে ভালো করলেও শেষদিকে ছন্দ হারানো শারমিন আক্তার সুপ্তা র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়েছেন। ১৩ ধাপ অবনমন হয়ে তিনি অবস্থান করছেন ৪৮ নম্বরে। ওপেনার দিলারা আক্তার পাঁচ ধাপ উন্নতি করে উঠে এসেছেন ৬৫ নম্বরে।
বোলারদের মধ্যে বাংলাদেশের সেরা অবস্থান ধরে রেখেছেন রাবেয়া খান, যিনি আগের মতোই ১৪ নম্বরে আছেন। নাহিদা আক্তার র্যাঙ্কিংয়ে আট ধাপ এগিয়ে বর্তমানে ২৮তম স্থানে। তবে কিছুটা ছন্দপতনের কারণে তিন ধাপ পিছিয়ে ৩৩ নম্বরে নেমে গেছেন ফাহিমা খাতুন।
র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় লাফ দিয়েছেন স্বর্ণা আক্তার। ৪৩ ধাপ এগিয়ে তিনি এখন ৭৪ নম্বরে অবস্থান করছেন। একই সঙ্গে মারুফা আক্তারও উল্লেখযোগ্য উন্নতি করেছেন। তিনি ২০৬ ধাপ এগিয়ে প্রথমবারের মতো সেরা ১০০-এ ঢুকে বর্তমানে রয়েছেন ৯২ নম্বরে।
ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি। বোলারদের র্যাঙ্কিংয়েও এক নম্বরে আছেন আরেক অস্ট্রেলিয়ান অ্যানাবেল সাদারল্যান্ড।
এসআর
মন্তব্য করুন: