বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ২০২৬ সালের কেন্দ্রীয় চুক্তিতে উল্লেখযোগ্য পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সব সংস্করণে ধারাবাহিকভাবে খেলছেন—এমন ক্রিকেটারের অভাব থাকায় নতুন চুক্তি তালিকা থেকে ‘এ প্লাস’ ক্যাটাগরি বাদ দেওয়ার পথে যাচ্ছে বোর্ড। প্রস্তাবিত এই চুক্তিতে মোট ২৭ জন ক্রিকেটারের নাম অন্তর্ভুক্ত থাকার সম্ভাবনা রয়েছে।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের তথ্য অনুযায়ী, বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা ও সংশোধিত বেতন কাঠামো এখনো চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় থাকলেও ‘এ প্লাস’ ক্যাটাগরি না রাখার বিষয়ে বোর্ডের অভ্যন্তরে প্রায় ঐকমত্য তৈরি হয়েছে।
এর আগে ২০২৫ সালে কেন্দ্রীয় চুক্তির কাঠামোতে বড় পরিবর্তন এনে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য আলাদা চুক্তির পরিবর্তে পাঁচটি ক্যাটাগরি চালু করেছিল বিসিবি। তখন তিন ফরম্যাটেই নিয়মিত পারফরম্যান্স করা ক্রিকেটারদের জন্য সর্বোচ্চ স্তর হিসেবে রাখা হয়েছিল ‘এ প্লাস’।
বর্তমান বাস্তবতায় জাতীয় দলে এমন কোনো ক্রিকেটার নেই, যিনি নিয়মিতভাবে তিন সংস্করণেই খেলছেন। এ কারণেই নতুন চুক্তিতে ‘এ প্লাস’ ক্যাটাগরি রাখার প্রয়োজনীয়তা দেখছে না বোর্ড। বিসিবির উন্নয়ন কার্যক্রম সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, ২৭ জন ক্রিকেটারের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে, যা বোর্ডের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
নতুন তালিকায় বড় পরিবর্তন হিসেবে নেই অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের নাম। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় তিনি এবার কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকছেন। তবে আগের চুক্তিতে থাকা ২১ জন ক্রিকেটার নতুন তালিকাতেও জায়গা ধরে রেখেছেন।
এছাড়া সম্ভাব্য তালিকায় নতুন করে যুক্ত হচ্ছেন ছয়জন ক্রিকেটার—শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাঈম হাসান, তানভীর ইসলাম ও হাসান মুরাদ। পারফরম্যান্স ও ভবিষ্যৎ পরিকল্পনার ভিত্তিতেই তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গেছে।
এসআর
মন্তব্য করুন: