আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা থাকলেও, ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এই আসরে পাকিস্তানের অংশগ্রহণ এখনও নিশ্চিত হয়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সিদ্ধান্ত নিয়ে আলোচনা চললেও, চূড়ান্ত ঘোষণা যে কোনো সময় আসতে পারে।
বিশ্বকাপে অংশগ্রহণ না করলে কী করা হবে—সে বিষয়ে আগেভাগেই বিকল্প পরিকল্পনা সাজিয়ে রেখেছে পিসিবি। জানা গেছে, বিশ্বকাপ খেলতে না পারলে পাকিস্তানের ক্রিকেটারদের জন্য দেশেই একটি আলাদা টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবছে বোর্ড।
এই পরিস্থিতি অনেকটাই বাংলাদেশের সাম্প্রতিক সিদ্ধান্তের সঙ্গে মিলছে। বিশ্বকাপে অংশ না নেওয়ায় বাংলাদেশের ক্রিকেটারদের ব্যস্ত রাখতে বিসিবি তিন দল নিয়ে একটি ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রায় আড়াই কোটি টাকা বাজেটের এই টুর্নামেন্টের জন্য ইতোমধ্যেই অধিনায়ক ও কোচদের নাম ঘোষণা করা হয়েছে।
পাকিস্তানের সম্ভাব্য টুর্নামেন্টটি হবে চার দল নিয়ে, যা লাহোরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। প্রস্তাবিত দলগুলো হতে পারে—‘দ্য পাকিস্তান’, শাহিন্স এবং অনূর্ধ্ব-১৮ দলের ক্রিকেটারদের সমন্বয়ে গঠিত স্কোয়াড। অন্যদিকে, বাংলাদেশের আয়োজিত তিন দলের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ শুরু হওয়ার কথা আগামী ৫ ফেব্রুয়ারি থেকে।
সব মিলিয়ে, বিশ্বকাপ অনিশ্চয়তায় দুই দেশের ক্রিকেট বোর্ডই নিজেদের খেলোয়াড়দের মাঠে রাখার বিকল্প পথ খুঁজছে।
এসআর
মন্তব্য করুন: