[email protected] বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
৬ ফাল্গুন ১৪৩২

রিশাদকে নিয়ে সুখবরের আভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৬ ৫:৪০ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন ও ইংল্যান্ডের অভিজ্ঞ অলরাউন্ডার স্যাম বিলিংস—দুজনের সম্পর্ক মাঠের বাইরেও বেশ বন্ধুত্বপূর্ণ।

নিয়মিত যোগাযোগ ও পারস্পরিক শ্রদ্ধার সেই সম্পর্ক থেকেই এবার রিশাদের জন্য সম্ভাব্য এক সুখবরের ইঙ্গিত মিলেছে।
ইংল্যান্ডের জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি আসর ভাইটালিটি ব্লাস্টে রিশাদকে খেলানোর আগ্রহ প্রকাশ করেছেন কেন্ট দলের অধিনায়ক স্যাম বিলিংস।

তরুণ এই লেগ স্পিনার ইতোমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিজের দক্ষতার প্রমাণ দিয়ে চলেছেন, যা বিলিংসের নজর কেড়েছে আগেই।


রিশাদকে দলে টানার চেষ্টা নতুন নয়। আগের মৌসুমেও কেন্টে তাকে খেলানোর আগ্রহ ছিল বিলিংসের। তবে এবার দলের অধিনায়কত্ব পাওয়ায় সেই পরিকল্পনা বাস্তবে রূপ নেওয়ার সম্ভাবনা বেড়েছে বলে মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।


সম্প্রতি এক সাক্ষাৎকারে বিলিংস রিশাদের প্রশংসা করে বলেন, তাদের মধ্যে কথা হয়েছে এবং বিপিএলে নিজের উপস্থিতিতে রিশাদ বেশ আনন্দিত। বিলিংসের ভাষায়, রিশাদ একজন দুর্দান্ত ক্রিকেটার এবং সুযোগ পেলে এবার ভাইটালিটি ব্লাস্টে তাকে কেন্টের হয়ে খেলতে দেখতে চান তিনি।


উল্লেখ্য, বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের জার্সিতে একসঙ্গে খেলেছেন রিশাদ ও বিলিংস। চলতি মৌসুমে বিলিংস খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে, আর রিশাদ বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগে। বিলিংসও বিপিএলে আসার আগে বিগ ব্যাশে অংশ নিয়েছিলেন।


এখন ক্রিকেটভক্তদের অপেক্ষা একটাই—আগামী মৌসুমে ইংল্যান্ডের মাটিতে কেন্টের জার্সিতে রিশাদ হোসেনকে দেখা যাবে কি না।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর