সংযুক্ত আরব আমিরাতের আকাশে হিজরি ১৪৪৭ সনের জিলকদ মাসের নতুন চাঁদ দেখা গেছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে আবু ধাবির আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্র থেকে দিনের আলোতেই এই নতুন চাঁদের ছবি
তোলা সম্ভব হয়। এই চাঁদ দেখার মধ্য দিয়ে পবিত্র জিলহজ মাস ও ঈদুল আজহার ক্ষণগণনা শুরু হয়েছে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।
আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের তথ্যমতে, স্থানীয় সময় সকাল ১০টায় জ্যোতির্বিজ্ঞানী মোহাম্মদ আওদা এই চাঁদের ছবি ধারণ করেন। ওই সময় চাঁদের বয়স ছিল ১৬.৫ ঘণ্টা এবং এটি সূর্য থেকে ১১.৭ ডিগ্রি দূরে অবস্থান করছিল। এই পর্যবেক্ষণে তাঁকে সহযোগিতা করেন গবেষক দলের সদস্য খালফান আল নাইমি, ওসামা ঘানিম ও আনাস মুহাম্মদ।
এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, জ্যোতির্বিজ্ঞানের বর্তমান হিসাব অনুযায়ী ২০২৬ সালের পবিত্র ঈদুল আজহা আগামী ২৭ মে (বুধবার) পালিত হতে পারে। সেই হিসেবে হজের প্রধান আনুষ্ঠানিকতা বা পবিত্র আরাফাত দিবস হতে পারে ২৬ মে (মঙ্গলবার)। তবে জিলহজ মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করেই ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।
ঈদুল আজহা ও আরাফাত দিবস উপলক্ষে মধ্যপ্রাচ্যের বাসিন্দারা একটি দীর্ঘ ছুটির অপেক্ষায় রয়েছেন। সাধারণত এই সময়ে চার দিনের সরকারি ছুটি থাকলেও সাপ্তাহিক ছুটি মিলিয়ে তা ৯ দিন পর্যন্ত দীর্ঘ হতে পারে। উল্লেখ্য যে, বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর চাঁদ দেখা যায় এবং সেই অনুযায়ী ধর্মীয় উৎসবগুলো পালিত হয়ে থাকে।
এসআর