[email protected] বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
৫ ফাল্গুন ১৪৩২

খতমে তারাবি নিয়ে যে আহ্বান জানালো ইসলামিক ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১:১৫ এএম

সংগৃহীত ছবি

পবিত্র রমজান মাসে দেশের সব মসজিদে খতমে তারাবি নামাজ নির্দিষ্ট ও অভিন্ন পদ্ধতিতে আদায়ের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ আহ্বান জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজানজুড়ে কোরআন তিলাওয়াতের ক্ষেত্রে একক ধারা অনুসরণ করা হলে মুসল্লিদের জন্য খতম সম্পন্ন করা সহজ হবে।

প্রস্তাবিত সূচি অনুযায়ী, রমজানের প্রথম ছয় দিনে প্রতিদিন দেড় পারা করে মোট ৯ পারা এবং পরবর্তী ২১ দিনে প্রতিদিন এক পারা করে তিলাওয়াতের মাধ্যমে ৩০ পারা পূর্ণ করার অনুরোধ করা হয়েছে।


ইসলামিক ফাউন্ডেশন জানায়, অনেক মসজিদে খতমে তারাবিতে নির্দিষ্ট পরিমাণ তিলাওয়াতের রীতি থাকলেও বিভিন্ন স্থানে পার্থক্য দেখা যায়। এতে কর্মব্যস্ত বা ভিন্ন এলাকায় যাতায়াতকারী মুসল্লিদের জন্য ধারাবাহিকভাবে কোরআন খতমে অংশ নেওয়া কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতি এড়াতে এবং সবাইকে একই ধারায় সম্পৃক্ত রাখতে এ প্রস্তাব দেওয়া হয়েছে।


প্রস্তাবিত পরিকল্পনা অনুসরণ করলে ২৭ রমজানের রাতে—যা পবিত্র শবে কদর হিসেবে বিবেচিত—কোরআন খতম সম্পন্ন করা সম্ভব হবে বলে জানানো হয়েছে। এ লক্ষ্যে দেশের খতিব, ইমাম, মসজিদ পরিচালনা কমিটি ও মুসল্লিদের নির্ধারিত আয়াত ও সূরা অনুযায়ী প্রতিদিন তিলাওয়াত করার অনুরোধ জানানো হয়েছে।


প্রস্তাবিত তিলাওয়াত বিন্যাস (সংক্ষেপে)-
১ম–৫ম তারাবি: সূরা ফাতিহা দিয়ে শুরু করে সূরা বাকারা, আলে ইমরান, নিসা ও মায়িদার নির্দিষ্ট অংশ পর্যন্ত।
৬ষ্ঠ–১০ম তারাবি: আ’রাফ থেকে শুরু করে আনফাল, তাওবা, হুদ, ইউসুফ ও হিজরের অংশবিশেষ।


১১তম–১৫তম তারাবি: নাহল থেকে বনি ইসরাঈল, কাহাফ, ত্বহা, আম্বিয়া, হজ ও মু’মিনুনের অংশ পর্যন্ত।
১৬তম–২০তম তারাবি: ফুরকান, নামল, আনকাবুত, আহযাব, ইয়াসিন ও যুমারের নির্ধারিত আয়াতসমূহ।


২১তম–২৫তম তারাবি: হামীম সিজদাহ, জাছিয়া, আহক্বাফ, যারিয়াত, হাদীদ, মুজাদালাহ ও তাহরীম পর্যন্ত।
২৬তম–২৭তম তারাবি: সূরা মুলক থেকে মুরসালাত এবং সর্বশেষ সূরা নাবা থেকে সূরা নাস পর্যন্ত।


সংস্থাটি আশা প্রকাশ করেছে, এ পদ্ধতি অনুসরণ করলে সারা দেশে খতমে তারাবিতে একটি সামঞ্জস্যপূর্ণ পরিবেশ তৈরি হবে এবং মুসল্লিরা পরিপূর্ণতার অনুভূতি নিয়ে ইবাদতে অংশ নিতে পারবেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর