শব শব্দের অর্থ রাত এবং বরাত অর্থ মুক্তি।
সে হিসাবে শবেবরাত হলো গোনাহ থেকে মুক্তি ও ক্ষমা লাভের বিশেষ রজনি। ইসলামী বিশ্বাস অনুযায়ী, কিছু নির্দিষ্ট গোষ্ঠী ছাড়া এ রাতে আল্লাহতায়ালা তাঁর বান্দাদের জন্য ক্ষমার দুয়ার খুলে দেন।
তাই এ রাত ইবাদত-বন্দেগি, তাওবা ও দোয়ার মাধ্যমে কাটানোই উত্তম।
আরবি বর্ষপঞ্জির অষ্টম মাস শাবানের চৌদ্দ তারিখ দিবাগত রাতকে শবেবরাত বলা হয়।
হাদিসের বর্ণনায় এসেছে, সূর্যাস্তের পর থেকে শেষ রাত পর্যন্ত মহান আল্লাহ দয়ার সাথে তাঁর বান্দাদের আহ্বান করেন- কে আছে ক্ষমাপ্রার্থী, আমি তাকে ক্ষমা করে দেব; কে রিজিক চায়, আমি তাকে দান করব; কে বিপদ থেকে মুক্তি চায়, আমি তাকে মুক্ত করব।
পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন, “নিশ্চয়ই আমি কুরআন অবতীর্ণ করেছি এক বরকতময় রাতে। এ রাতে সব গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হয়।” (সূরা দুখান: ২–৩)।
অনেক তাফসিরবিদের মতে, এখানে উল্লেখিত বরকতময় রাতটি শবেবরাত। এ রাতে সৃষ্টিজগতের নানা বিষয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং শবেকদরে তা বাস্তবায়নের দায়িত্ব অর্পণ করা হয়।
এ পবিত্র রজনিতে অযথা সময় নষ্ট না করে ইবাদতে মনোনিবেশ করা উচিত। তাহিয়্যাতুল অজু, আউওয়াবিন, তাহাজ্জুদ, সালাতুত তাসবিহ, সালাতুল হাজাতসহ বিভিন্ন নফল নামাজ আদায় করা যেতে পারে। নফল ইবাদতের মধ্যে নামাজকে সর্বাধিক মর্যাদাপূর্ণ বলা হয়েছে।
নামাজ আদায়ের সময় ধীরস্থিরভাবে কিরাত পড়া এবং রুকু-সেজদা দীর্ঘ করা উত্তম।
এ ছাড়া বেশি বেশি কুরআন তেলাওয়াত, দরুদ শরিফ পাঠ, তাসবিহ-তাহলিল, জিকির-আজকার এবং তাওবা-ইস্তিগফারে মগ্ন থাকা উচিত। নিজের জন্য, পিতা-মাতা, আত্মীয়স্বজন, মৃত ব্যক্তিদের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা এই রাতের অন্যতম আমল।
শবেবরাত গোনাহ মাফ ও ভাগ্য সংশোধনের এক মহাসুযোগ। তাই এ রাতে অতীতের সব ভুলের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করা এবং নেক আশা পূরণের জন্য দোয়া করা বিশেষ ফজিলতপূর্ণ।
তবে শবেবরাত উপলক্ষে কোনো নির্দিষ্ট নামাজ, নির্দিষ্ট সূরা বা রাকাত নির্ধারিত নয়।
একইভাবে আতশবাজি, ফটকা, আলোকসজ্জা, তাবারুক বিতরণ, দলবদ্ধভাবে কবর জিয়ারত বা বিভিন্ন অনৈসলামিক আচার পালনের অনুমতি ইসলামে নেই। ইবাদত হওয়া উচিত ব্যক্তিগত ও অনাড়ম্বর।
শবেবরাত হলো আত্মশুদ্ধি, বিনয় ও আল্লাহর নৈকট্য লাভের রাত—আনুষ্ঠানিকতা নয়, বরং একান্তভাবে ইবাদতের মধ্য দিয়েই এ রাতের প্রকৃত মর্যাদা রক্ষা করা সম্ভব।
এসআর
মন্তব্য করুন: