[email protected] সোমবার, ৩ আগস্ট ২০২৬
১৯ শ্রাবণ ১৪৩৩

ফিফা ক্লাব বিশ্বকাপ

রাত ১০টায় হাইভোল্টেজ লড়াই: মেসি বনাম পিএসজি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুন ২০২৫ ৪:৩৯ এএম

ছবি: সংগৃহীত

ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ লড়াইয়ে আজ বাংলাদেশ সময় রাত ১০টায় ইউরোপিয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) মুখোমুখি হচ্ছে ইন্টার মিয়ামি। এটি শুধু মিয়ামির জন্যই নয়, লিওনেল মেসির জন্যও বিশেষ একটি ম্যাচ। কারণ ২০২৩ সালে সম্পর্কচ্ছেদের পর এই প্রথমবার নিজের সাবেক ক্লাব পিএসজির বিপক্ষে মাঠে নামতে যাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা।

শক্তির বিচারে পিএসজি নিঃসন্দেহে এগিয়ে। সম্প্রতি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে প্রথমবারের মতো ইউরোপিয়ান শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ফরাসি জায়ান্টরা। তাই ফুটবল বিশ্লেষকসহ অনেকেই আজকের ম্যাচে পিএসজিকেই ফেভারিট হিসেবে দেখছেন।

তবে মাঠে নামার আগে আত্মবিশ্বাস হারাচ্ছে না মিয়ামি শিবির। কোচ হ্যাভিয়ের মাচেরানো স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, দল দুর্বল হলেও পিএসজিকে ছেড়ে কথা বলবে না তারা। তার মতে, নিখুঁত পারফরম্যান্স দিতে পারলে ফরাসি ক্লাবটিকে হারানো সম্ভব।

তিন ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে গ্রুপ রানার্স-আপ হয়ে নকআউটে উঠেছে ইন্টার মিয়ামি। ফলে শুরুতেই তাদের মুখোমুখি হতে হচ্ছে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট দলের সঙ্গে। তবে মাচেরানো মনে করেন, এই চাপই তার দলকে লড়াই করার বাড়তি প্রেরণা দেবে। তার মতে, প্রতিপক্ষ নিখুঁত নয় এবং সেই দুর্বলতাগুলো কাজে লাগিয়ে ফল আনতে হবে।

মিয়ামির মিডফিল্ডার ফেদেরিকো রেডোন্ডোও স্বীকার করেছেন, প্রতিপক্ষ দলটির মধ্যে একাধিক খেলোয়াড় আছে যারা একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। তবুও তারা ময়দানে নিখুঁত পরিকল্পনা নিয়ে নামতে প্রস্তুত।

প্রসঙ্গত, লিওনেল মেসি পিএসজিতে দুই বছর কাটানোর পর গত বছর ইন্টার মিয়ামিতে যোগ দেন। ফরাসি ক্লাবটিতে নিজের সময়টা সুখকর ছিল না বলেই বিভিন্ন সময়ে মন্তব্য করেছেন তিনি। তাই সাবেক ক্লাবের বিপক্ষে মাঠে নামা মেসির জন্য একটি মানসিক লড়াইও বটে।

এই ম্যাচে জয়ী দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ ও ফ্ল্যামেঙ্গোর মধ্যকার জয়ীর বিপক্ষে।

এসআর

সম্পর্কিত খবর