[email protected] মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
২৬ শ্রাবণ ১৪৩৩

ওমান ক্রিকেট

এক বছর পর পাওনা ফেরত, ক্রিকেটারদের মুখে হাসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জুন ২০২৫ ৪:৩৭ এএম

ছবি: সংগৃহীত

অবশেষে চলতি বছরের শুরুর আলোচিত ঘটনা—ক্রিকেটারদের প্রাপ্য অর্থ নিয়ে বিতর্কে সমাপ্তি টানতে যাচ্ছে ওমান ক্রিকেট বোর্ড (OC)। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করা ওমান দলের খেলোয়াড় ও সহায়ক কর্মীরা প্রাইজমানির ভাগ পেতে চলেছেন দীর্ঘ এক বছরের অপেক্ষা শেষে।

আজ সোমবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে ওমান ক্রিকেট ঘোষণা দিয়েছে, আগামী জুলাই মাসের মধ্যে তারা স্কোয়াডের ক্রিকেটার ও সহায়ক স্টাফদের মধ্যে মোট ২ লাখ ২৫ হাজার মার্কিন ডলার পরিশোধ করবে। ২০২৪ সালের জুনে যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ানে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়ে নির্ধারিত অর্থ পেয়েছিল ওমান ক্রিকেট, যা অংশগ্রহণকারী প্রতিটি দলকেই আইসিসির পক্ষ থেকে বরাদ্দ দেওয়া হয়।

তবে নিয়ম অনুযায়ী, সেই অর্থ বোর্ড পাওয়ার ২১ দিনের মধ্যে সংশ্লিষ্ট খেলোয়াড়দের মধ্যে বিতরণ করার কথা। সেই শর্ত মানেনি ওমান ক্রিকেট। ফলে, একপর্যায়ে খেলোয়াড়দের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। চলতি মাসের শুরুর দিকে ক্রিকইনফো একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে, যেখানে উল্লেখ করা হয়—ওমান ক্রিকেটাররা এখনো তাদের প্রাপ্য অর্থ পাননি।

বিশ্বকাপ শেষে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ২০২৪ সালের অক্টোবর মাসে অনুষ্ঠিত ইমার্জিং এশিয়া কাপে খেলোয়াড়েরা সংগঠিত হয়ে ক্ষোভ প্রকাশ করেন। তারা খেলা থেকে বিরত থাকার হুমকি দেন এবং শেষ মুহূর্তে দল থেকে নাম প্রত্যাহার করে নেন। প্রতিবাদকারী ১৫ সদস্যের মধ্যে ১১ জনের কেন্দ্রীয় চুক্তি স্থগিত করে বোর্ড, এবং তাদের অনেককেই দেশ ছাড়তে হয়।

ওমান ক্রিকেট বোর্ড তাদের বিবৃতিতে দাবি করেছে, অর্থ বিতরণে বিলম্ব হয়েছে "প্রক্রিয়াগত জটিলতা" এবং আইসিসির পরবর্তী আনুষ্ঠানিক পর্যালোচনার ওপর নির্ভর করায় সময় লেগেছে। যদিও ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন, এটি মূলত অভ্যন্তরীণ অদক্ষতা এবং খেলোয়াড়দের প্রাপ্যতা নিশ্চিত করতে না পারার উদাসীনতা।

তবে শেষ পর্যন্ত বোর্ডের পক্ষ থেকে অর্থ বিতরণের ঘোষণা ও প্রতিশ্রুতি কিছুটা হলেও শান্তি এনে দিয়েছে ক্রিকেটারদের জন্য।

 

এসআর

সম্পর্কিত খবর