[email protected] বুধবার, ৪ নভেম্বর ২০২৬
২০ কার্তিক ১৪৩৩

তরুণ ফুটবলারদের পাশে সরকার ও বাফুফে, মিলছে আর্থিক পুরস্কার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬ ৯:২৩ পিএম

সংগৃহীত ছবি

অনূর্ধ্ব-১৫ ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ শেষে দেশে ফিরেই আর্থিক পুরস্কার ও সংবর্ধনা পেয়েছে বাংলাদেশ দলের খেলোয়াড়রা।

মঙ্গলবার (৩ নভেম্বর) আজারবাইজানের রাজধানী বাকু থেকে দেশে ফেরার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) তাদের সংবর্ধনা দেওয়া হয়।

 

ফিফা আয়োজিত এই প্রতিযোগিতায় বাংলাদেশ পঞ্চম স্তরে রানার্সআপ হওয়ার কৃতিত্ব অর্জন করে। ১৮৭টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত আসরে সামগ্রিক অবস্থানে বাংলাদেশের স্থান ছিল ১৩০তম। টুর্নামেন্টের শিরোপা জেতে স্পেন।

 

দেশে ফেরা তরুণ ফুটবলারদের উৎসাহ দিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক প্রত্যেক খেলোয়াড়কে এক লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে বাফুফের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদী দলের প্রত্যেক খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যকে ৫০ হাজার টাকা করে পুরস্কার দিয়েছেন। এর আগে ফাইনালে সেন্ট্রাল আফ্রিকার কাছে হারের পর তিনি ১০ লাখ টাকা বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।

 

প্রতিযোগিতায় শিরোপা জিততে না পারলেও বাংলাদেশের কয়েকজন খেলোয়াড় নিজেদের দক্ষতার পরিচয় দিয়েছেন। বিশেষ করে গোলরক্ষক শ্রীনাথ হালদার দুটি ম্যাচে টাইব্রেকারের সময় গুরুত্বপূর্ণ সেভ করে প্রশংসা কুড়িয়েছেন। দলের অন্য কয়েকজন খেলোয়াড়ের পারফরম্যান্সও বিদেশি ক্লাবগুলোর নজর কেড়েছে।

 

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ফলাফল বা অবস্থান যা-ই হোক, তরুণ খেলোয়াড়দের মধ্যে ভালো করার সম্ভাবনা রয়েছে। তাদের প্রতিভা ধরে রাখতে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন। এ ক্ষেত্রে বাফুফের পাশাপাশি মন্ত্রণালয়ও প্রয়োজনীয় সহযোগিতা করবে।

 

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানান, তৃণমূল পর্যায়ে ফুটবলের উন্নয়নে ফেডারেশন কাজ করছে। প্রায় এক বছর ধরে দেশের বিভিন্ন এলাকায় অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করা হয়েছে। পরবর্তী সময়ে তাদের নিয়ে প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনা করে বিশ্বকাপের জন্য দল গঠন করা হয়।

 

তিনি আরও বলেন, তরুণ ফুটবলারদের উন্নতির ধারা ধরে রাখতে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখা হবে। এ ক্ষেত্রে সরকারের সহযোগিতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এফ/ডি

সম্পর্কিত খবর