ক্যারিয়ারের সায়াহ্নে এসে আবারও জমে উঠেছে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর
চিরন্তন প্রতিদ্বন্দ্বিতা। দুজনেই নতুন নতুন রেকর্ডের সামনে দাঁড়িয়ে থাকলেও, মেসি এবার এমন এক অনন্য রেকর্ডের দোরগোড়ায় পৌঁছে গেছেন যা ক্রিশ্চিয়ানো রোনালদোর পক্ষেও আপাতদৃষ্টিতে অসম্ভব বলে মনে হচ্ছে। ফুটবলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ১৪০০ গোল ও অ্যাসিস্টের মাইলফলক ছোঁয়ার সামনে দাঁড়িয়ে আছেন আর্জেন্টাইন এই জাদুকর।
ইন্টার মিয়ামির জার্সিতে সবশেষ ম্যাচে নিউ ইংল্যান্ড রেভলিউশনের বিপক্ষে দুর্দান্ত গোল ও অ্যাসিস্ট করেন মেসি। বয়সের সাথে সাথে পারফরম্যান্সের ধার না কমে বরং আরও শাণিত হয়ে ওঠায় ফুটবল বিশ্বে রীতিমতো আলোচনার ঝড় তুলেছেন তিনি। গোল করার পাশাপাশি সমানতালে সতীর্থদের দিয়ে গোল করানোর এই অসাধারণ সামর্থ্যই তাকে নিয়ে গেছে অনন্য এক উচ্চতায়। এই ম্যাচের পর তার পুরো ক্যারিয়ারে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে মোট অবদানের সংখ্যা গিয়ে ঠেকেছে ১ হাজার ৩৬৫টিতে।
তার ঠিক পেছনেই অবস্থান করছেন দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে বর্তমান হিসাব অনুযায়ী রোনালদোর চেয়ে ১১৯টি গোল ও অ্যাসিস্টে এগিয়ে আছেন মেসি।
পরিসংখ্যান বলছে, মেসির বর্তমান ক্যারিয়ারে মোট গোলের সংখ্যা ৯৩৭ এবং অ্যাসিস্ট ৪২৮টি। সব মিলিয়ে তার গোল ও অ্যাসিস্ট অবদান ১ হাজার ৩৬৫। অন্যদিকে, ক্রিশ্চিয়ানো রোনালদোর মোট গোল ৯৮৫টি এবং অ্যাসিস্ট ২৬১টি। সব মিলিয়ে পর্তুগাল তারকার গোল অবদান ১ হাজার ২৪৬।
এই ব্যবধানের সুবাদে মেসি বর্তমানে রোনালদোর চেয়ে ১১৯ অবদানে এগিয়ে আছেন। ক্যারিয়ারে ১ হাজার ৪০০ গোল অবদানের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করতে মেসির প্রয়োজন আর মাত্র ৩৫টি অবদান। এই লক্ষ্য অর্জিত হলে ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ১৪০০ ছোঁয়ার রেকর্ড গড়বেন তিনি।
যদিও সম্প্রতি আল নাসরের হয়ে আল খোলুদের বিপক্ষে হ্যাটট্রিক করে গোলের সংখ্যায় এখনো এগিয়ে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, তবে গোল এবং অ্যাসিস্ট—উভয় দিক মিলিয়ে যৌথ অবদানের পরিসংখ্যানে সবার ওপরেই অবস্থান করছেন লিওনেল মেসি।
এইচ/এম