ফুটবল তারকা লামিনে ইয়ামালের নামের পেছনের একটি অজানা তথ্য সামনে এনেছেন তার বাবা মুনির নাসরাউই।
সম্প্রতি স্প্যানিশ লিগে আলাভেসের বিপক্ষে বার্সেলোনার ৬-১ গোলের জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারে বিষয়টি নিয়ে কথা বলেন মুনির। সেখানে তিনি ছেলের নামের সঠিক পরিচয় তুলে ধরেন।
মুনির নাসরাউই জানান, লামিনে ইয়ামালের প্রকৃত পারিবারিক পদবি হলো ‘নাসরাউই এবানা’। ‘ইয়ামাল’কে পারিবারিক পদবি হিসেবে বিবেচনা করার বিষয়টি সঠিক নয় বলেও তিনি স্পষ্ট করেন। এ নিয়ে যেন কারও মধ্যে বিভ্রান্তি না থাকে, সে জন্যই তথ্যটি প্রকাশ করেছেন বলে জানান তিনি।
২০০৭ সালের জুলাইয়ে স্পেনের বার্সেলোনার উপকণ্ঠে জন্মগ্রহণ করেন লামিনে ইয়ামাল। তার বাবা মুনির নাসরাউই মরক্কোর বংশোদ্ভূত এবং মা শেইলা এবানা বিষুবীয় গিনির নাগরিক।
অল্প বয়সেই বিশ্ব ফুটবলে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন বার্সেলোনার এই তরুণ ফরোয়ার্ড। দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ইতোমধ্যে ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত খেলোয়াড় হয়ে উঠেছেন তিনি। ব্যালন ডি'অর পুরস্কারের র্যাঙ্কিংয়েও তৃতীয় অবস্থান অর্জন করেছেন ইয়ামাল।
এফ/ডি