[email protected] শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩

চোয়ালে সফল অস্ত্রোপচার, কয়েক সপ্তাহের মধ্যে ফেরার বার্তা মার্তিনেজের

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬ ১১:৪৯ এএম

সংগৃহীত ছবি

ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে চেলসির ২-০ গোলের জয় পাওয়া ম্যাচে গুরুতর

 আহত হয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ম্যাচের দ্বিতীয়ার্ধে এভারটনের একটি ফ্রি কিক পাঞ্চ করতে গিয়ে প্রতিপক্ষের সেন্টারব্যাক জ্যারাড ব্র্যান্থওয়েটের সঙ্গে সংঘর্ষে তিনি চোয়ালে আঘাত পান। প্রায় ১০ মিনিট মাঠে পড়ে থাকার পর স্ট্রেচারে করে তাকে সরাসরি হাসপাতালে নেওয়া হয়।

​হাসপাতালে সিটি স্ক্যানে ঘাড়, পিঠ ও মাথার খুলিতে উদ্বেগজনক কিছু পাওয়া না গেলেও তার চোয়ালে ফাটল ধরা পড়ে। এর পরপরই তার চোয়ালে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। সম্পূর্ণ সেরে উঠতে মার্তিনেজকে প্রায় দেড় মাসের পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতে পারে বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’। ফলে চেলসির আসন্ন কয়েকটি ম্যাচের পাশাপাশি আগামী নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে আর্জেন্টিনার বছরের শেষ আন্তর্জাতিক বিরতির ম্যাচগুলোতেও তাকে পাওয়া যাবে না।

​হাসপাতাল থেকেই ইনস্টাগ্রামে একটি ছবি দিয়ে সমর্থক ও ভক্তদের আশ্বস্ত করে মার্তিনেজ লিখেছেন, “যাঁরা বার্তা পাঠিয়েছেন তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা। আমার অপারেশন সফল হয়েছে। সব চেয়ে আনন্দের বিষয় হলো আমরা ক্লিনশিট বজায় রেখে জয় নিয়ে মাঠ ছেড়েছি। আশা করছি খুব দ্রুতই মাঠে ফিরতে পারব।”

​অস্ত্রোপচারের খবর নিশ্চিত হওয়ার পর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ বার্তা দিয়েছেন। তিনি মার্তিনেজের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে লেখেন, “সব ভালো-মন্দে আমরা তোমার পাশে আছি। কোনো সন্দেহ নেই, তুমি আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে মাঠে ফিরবে।”

এসআর

সম্পর্কিত খবর