[email protected] বুধবার, ৪ নভেম্বর ২০২৬
২০ কার্তিক ১৪৩৩

বৃষ্টিতে কোয়ার্টার ফাইনাল পরিত্যক্ত হলেও সেমিফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৮:১৯ পিএম

সংগৃহীত ছবি

এশিয়ান গেমসের ক্রিকেটে র‌্যাঙ্কিংয়ের সুবিধায় সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

শেষ আটের ম্যাচে তাওহীদ হৃদয়দের প্রতিপক্ষ মালয়েশিয়া। তবে ম্যাচের আগে সবচেয়ে বেশি আলোচনায় বৃষ্টির সম্ভাবনা। নির্ধারিত ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশই সেমিফাইনালের টিকিট পাবে।

 

বাংলাদেশ ও মালয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল ১১টায়। জাপানের নাগোয়া শহরের নিসিন এলাকার কোরোগি স্পোর্টস পার্কে হবে ম্যাচটি। এশিয়ান গেমসের ক্রিকেটের সব ম্যাচ এবং নারী ক্রিকেটের ম্যাচও একই ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে।

 

আবহাওয়ার পূর্বাভাসে নাগোয়া অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে। ফলে কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনাল পর্যন্ত ম্যাচগুলোতে বৃষ্টির প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। নির্ধারিত নিয়ম অনুযায়ী কোনো ম্যাচ আয়োজন সম্ভব না হলে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দল পরবর্তী ধাপে অগ্রসর হবে।

 

সেই নিয়মে বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত হলে সুবিধা পাবে বাংলাদেশ। আন্তর্জাতিক টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

 

তবে সেমিফাইনালে পরিস্থিতি ভিন্ন হতে পারে। কোয়ার্টার ফাইনালে জয় পেলে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানের মুখোমুখি হতে পারে বাংলাদেশ। ওই ম্যাচও বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা পাকিস্তান ফাইনালে চলে যাবে। অর্থাৎ কোয়ার্টার ফাইনালে বৃষ্টি বাংলাদেশের জন্য সুবিধা হয়ে এলেও শেষ চারে একই নিয়ম প্রতিকূল হতে পারে।

 

পূর্ণ সদস্য দেশ হিসেবে বাংলাদেশ এশিয়ান গেমসের ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলছে। বিপরীতে গ্রুপ পর্বের বাধা পেরিয়ে শেষ আটে এসেছে মালয়েশিয়া।

 

শনিবার ‘বি’ গ্রুপে মালয়েশিয়া ও ওমানের ম্যাচটি হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে টস পর্যন্ত করা সম্ভব হয়নি। পরে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হলে দুই দলকে এক পয়েন্ট করে দেওয়া হয়। এতে গ্রুপের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে ওঠে মালয়েশিয়া। রানার্সআপ হয়ে শেষ আটে জায়গা নেয় হংকং। ফলে কোয়ার্টারে বাংলাদেশের মুখোমুখি মালয়েশিয়া এবং পাকিস্তানের প্রতিপক্ষ হংকং।

 

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ ও মালয়েশিয়া এখন পর্যন্ত একবারই মুখোমুখি হয়েছে। ২০২৩ সালে চীনে অনুষ্ঠিত এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়াকে ২ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ।

 

অন্যদিকে ‘এ’ গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে নেপাল ও আফগানিস্তান। এই গ্রুপে নেপাল ও স্বাগতিক জাপানের ম্যাচটিও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে জাপানকে।

এসআর

সম্পর্কিত খবর