যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ডের জোন্স বিচে আগামী ২৬ সেপ্টেম্বর বসছে আয়রনম্যান ৭০.৩ ট্রায়াথলন প্রতিযোগিতা।
আয়রনম্যান ৭০.৩-এ প্রতিযোগীদের পরপর ১ দশমিক ৯ কিলোমিটার সাঁতার, ৯০ কিলোমিটার সাইক্লিং এবং ২১ দশমিক ১ কিলোমিটার দৌড় শেষ করতে হয়। দীর্ঘ এই তিনটি ধাপ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে প্রয়োজন শারীরিক সক্ষমতা, দীর্ঘমেয়াদি অনুশীলন ও মানসিক দৃঢ়তা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ইসতিয়াক দীর্ঘদিন ধরে সাঁতার, দৌড় ও বিভিন্ন দীর্ঘ দূরত্বের ক্রীড়া ইভেন্টে অংশ নিচ্ছেন। বিশ্ববিদ্যালয়জীবনে হল পর্যায়ে দুইবার চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি তিনি প্রভোস্ট অ্যাওয়ার্ডও পেয়েছেন। সাঁতারের বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্যের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় সুইমিং অ্যান্ড ওয়াটারপোলো দলের হয়েও খেলেছেন তিনি।
এর আগে মালয়েশিয়ায় আয়রনম্যান ৭০.৩-এ অংশ নিয়ে ৬ ঘণ্টা ৩২ মিনিট ৮ সেকেন্ডে প্রতিযোগিতা শেষ করেন ইসতিয়াক। ওই আসরে নিজের বয়স শ্রেণিতে ১৩তম স্থান অর্জন করেন তিনি। নিউইয়র্কের প্রতিযোগিতায় আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার আরও ভালো করার লক্ষ্য রয়েছে তার।
আন্তর্জাতিক পর্যায়ে দীর্ঘ দূরত্বের সাঁতারেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন ইসতিয়াক। ২০২২ সালে আন্দামান সাগরে অনুষ্ঠিত ‘ওশেনম্যান এশিয়ান চ্যাম্পিয়নশিপ’-এর ১০ কিলোমিটার সাঁতারে নিজের বয়স শ্রেণিতে পঞ্চম হন।
এর মাধ্যমে বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার সুযোগ পান। ২০২৩ সালে ‘ওশেনম্যান ওয়ার্ল্ড ফাইনাল চ্যাম্পিয়নশিপ’-এ বাংলাদেশের হয়ে অংশ নিয়ে ইভেন্টটি সম্পন্ন করেন তিনি।
২০২১ সালে টেকনাফ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত ১৬ দশমিক ১ কিলোমিটার বাংলা চ্যানেলও পাড়ি দিয়েছেন ইসতিয়াক। দেশের বিভিন্ন নদীতে দীর্ঘ দূরত্বের সাঁতারে অংশ নেওয়ার অভিজ্ঞতাও রয়েছে তার। পদ্মায় ২০ কিলোমিটার, মেঘনায় ৫ কিলোমিটার, যমুনায় ৩৫ কিলোমিটার এবং ব্রহ্মপুত্রে ২৫ কিলোমিটার সাঁতারসহ বিভিন্ন ইভেন্ট সম্পন্ন করেছেন তিনি।
দৌড়েও রয়েছে তার উল্লেখযোগ্য অভিজ্ঞতা। একাধিক হাফ ম্যারাথনের পাশাপাশি তিনটি ফুল ম্যারাথন ও একটি আল্ট্রা ম্যারাথন শেষ করেছেন ইসতিয়াক। শিক্ষার্থীদের মধ্যে দৌড় ও ফিটনেস চর্চা বাড়াতে তিনি ‘ঢাকা ইউনিভার্সিটি রানার্স কমিউনিটি’ (ডিইউআরসি) প্রতিষ্ঠা করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগের এই সাবেক শিক্ষার্থী পেশাগত জীবনেও উদ্যোক্তা হিসেবে যুক্ত ছিলেন। বাংলাদেশি স্টার্টআপ ‘ইয়োর ক্যাম্পাস’-এর সহ-প্রতিষ্ঠাতা ইসতিয়াক বর্তমানে নিউইয়র্কে রিয়েল এস্টেট পেশায় কর্মরত।
জোন্স বিচের আয়রনম্যান ৭০.৩-এ এবার তার লক্ষ্য হলো দীর্ঘ প্রস্তুতি ও পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রতিযোগিতাটি সফলভাবে শেষ করা। ফিনিশিং লাইনে বাংলাদেশের পতাকা তুলে ধরার প্রত্যয় নিয়েই প্রতিযোগিতায় নামবেন তিনি।
এসআর