[email protected] বৃহঃস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩

সাইফউদ্দিনের চোট, এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬ ৮:৪৮ পিএম

সংগৃহীত ছবি

এশিয়ান গেমসের ক্রিকেটে বাংলাদেশ দলের জন্য শেষ মুহূর্তে এলো দুঃসংবাদ।

চোটের কারণে আসরটিতে খেলতে পারবেন না পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন এই ক্রিকেটার।

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, সাইফউদ্দিনের পুরোপুরি সুস্থ হতে প্রায় তিন সপ্তাহের পুনর্বাসন প্রয়োজন হবে।

 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের চার দিনের ম্যাচে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন সাইফউদ্দিন। এরপর শারীরিক পরীক্ষা ও এমআরআইয়ের মাধ্যমে তার চোটের বিষয়টি নিশ্চিত করা হয়।

 

জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, সাইফউদ্দিনকে প্রায় তিন সপ্তাহ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে।

 

এশিয়ান গেমসে সাইফউদ্দিনের না খেলার বিষয়টি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে (বিওএ) জানিয়ে দিয়েছে বিসিবি। তার জায়গায় বিকল্প একজন ক্রিকেটারকে দলে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এ পরিবর্তনের জন্য গেমস কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন হবে।

 

আগামী ২৪ সেপ্টেম্বর জাপানের উদ্দেশে দেশ ছাড়ার কথা বাংলাদেশ দলের ক্রিকেটারদের। ২৮ সেপ্টেম্বর সকাল ১১টায় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারিত হবে। প্রথম পর্বের ফলের ভিত্তিতে জাপান, হংকং, মালয়েশিয়া, নেপাল অথবা ওমানের কোনো একটি দলের মুখোমুখি হবে বাংলাদেশ।

 

কোয়ার্টার ফাইনালে জয় পেলে ১ অক্টোবর সকাল ৯টায় প্রথম সেমিফাইনালে মাঠে নামবে বাংলাদেশ। ওই ম্যাচে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে রয়েছে শ্রীলঙ্কা।

এসআর

সম্পর্কিত খবর