[email protected] শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

নেতৃত্ব হারানোর খবর জানতেন না রশিদ খান, ক্ষোভ বোর্ডের ওপর

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬ ৪:৩৬ পিএম

সংগৃহীত ছবি

আফগানিস্তানের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি আগে থেকে জানতেন না তারকা ক্রিকেটার রশিদ খান।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সিদ্ধান্ত গণমাধ্যমে প্রকাশের পরই বিষয়টি জানতে পারেন বলে জানিয়েছেন তিনি। এ ঘটনায় বোর্ডের প্রতি নিজের অসন্তোষের কথাও জানিয়েছেন আফগান এই লেগস্পিনার।

 

রশিদ খানের অধিনায়কত্বেই ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিল আফগানিস্তান। দেশটির হয়ে ৪৮টি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়ে ২৬টিতে জয় পেয়েছেন তিনি। বিপরীতে পরাজয় এসেছে ২২ ম্যাচে।

 

তবে সম্প্রতি ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের নেতৃত্বে দেখা যায় ইব্রাহিম জাদরানকে। দল ঘোষণার সময় এসিবি জানায়, টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক করা হয়েছে ইব্রাহিমকে।

 

এক ক্রিকেটভিত্তিক ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে নেতৃত্ব পরিবর্তনের বিষয়টি নিয়ে রশিদ খান বলেন, সিদ্ধান্তটি কীভাবে নেওয়া হয়েছে, সে সম্পর্কে তিনিও অবগত ছিলেন না। বোর্ড আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার পর জানতে পারেন যে তিনি আর দলের অধিনায়ক নেই।

 

নেতৃত্ব হারানোয় হতাশ হলেও বিষয়টি নিয়ে দীর্ঘদিন পড়ে থাকতে চান না রশিদ। তার ভাষ্য, তার অধিনায়কত্বে আফগানিস্তান বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে এবং ওয়েস্ট ইন্ডিজের মতো দলের বিপক্ষেও জয় পেয়েছে। তবে সব সিদ্ধান্ত একজন খেলোয়াড়ের নিয়ন্ত্রণে থাকে না।

 

রশিদ বলেন, অধিনায়কত্ব না থাকলেও আফগানিস্তানের হয়ে খেলা এবং দেশটির প্রতিনিধিত্ব করাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজের সামর্থ্য অনুযায়ী ভবিষ্যতেও দলকে সহযোগিতা করে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন তিনি।

এসআর

সম্পর্কিত খবর