ভারতের তারকা ক্রিকেটার রিংকু সিংয়ের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন সমাজবাদী পার্টির (এসপি) সংসদ সদস্য প্রিয়া সরোজ।
উত্তর প্রদেশের বারাণসীতে জন্ম নেওয়া প্রিয়া সরোজ বর্তমানে মাছলিশহর লোকসভা আসনের সংসদ সদস্য। তার বাবা তুফানি সরোজ সমাজবাদী পার্টির তিনবারের নির্বাচিত সংসদ সদস্য।
রাজনীতিতে আসার আগে আইন পেশায় ক্যারিয়ার গড়ার পরিকল্পনা ছিল প্রিয়ার। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করার পর নয়ডার অ্যামিটি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন তিনি। পরে সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে পেশাগত জীবন শুরু করেন।
তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এসপির প্রার্থী হয়ে রাজনীতিতে সরাসরি যুক্ত হন প্রিয়া। মাছলিশহর আসন থেকে নির্বাচনে অংশ নিয়ে ৩৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয় পান তিনি। নির্বাচিত হওয়ার পর তিনি ভারতের দ্বিতীয় সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে আলোচনায় আসেন।
এদিকে ভারতীয় ক্রিকেটে রিংকু সিং ইতোমধ্যে পরিচিত মুখ। বিশেষ করে আইপিএলে তার পারফরম্যান্স তাকে আলোচনায় এনেছে। বর্তমানে ভারত-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজেও দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে খেলছেন তিনি।
ব্যক্তিগত জীবনেও নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই ক্রিকেটার। গত ৮ জুন লখনউয়ের দ্য সেন্ট্রাম হোটেলে রিংকু ও প্রিয়ার বাগদান সম্পন্ন হয়। এরপর দুই পরিবারের সম্মতিতে বিয়ের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে।
আগামী ৪ ডিসেম্বরের বিয়েতে দুই পরিবারের সদস্য, ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বিশেষ অতিথিদের উপস্থিত থাকার কথা রয়েছে। বিয়েকে ঘিরে ইতোমধ্যে দুই পরিবারেই প্রস্তুতি শুরু হয়েছে।
এসআর