[email protected] শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

এশিয়ান গেমস ক্রিকেটের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, মাঠে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬ ৮:০৫ পিএম

সংগৃহীত ছবি

এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে পুরুষ ও নারী বিভাগের ম্যাচগুলোর সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। জাপানের নাগোয়া শহরের পালোমা মিজুহো স্টেডিয়ামে হবে সবগুলো খেলা।

 

নারী বিভাগের প্রতিযোগিতা শুরু হবে ১৭ সেপ্টেম্বর। ওই দিন থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনালের ম্যাচ। ২০ সেপ্টেম্বর দুই সেমিফাইনাল এবং ২২ সেপ্টেম্বর ব্রোঞ্জ পদকের ম্যাচ ও ফাইনাল অনুষ্ঠিত হবে।

 

নারী বিভাগের কোয়ার্টার ফাইনালে ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ খেলবে চীনের বিপক্ষে। একই দিনে পাকিস্তানের প্রতিপক্ষ থাইল্যান্ড। পরদিন ১৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কা মুখোমুখি হবে মালয়েশিয়ার এবং ভারত খেলবে স্বাগতিক জাপানের বিপক্ষে।

 

পুরুষ বিভাগের গ্রুপ পর্বের ম্যাচ হবে ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর। র‌্যাঙ্কিং ও বাছাইয়ের ভিত্তিতে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা পেয়েছে।

 

২৮ সেপ্টেম্বর প্রথম দুই কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের দ্বিতীয় দল। অন্য ম্যাচে ভারত খেলবে ‘এ’ গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে। ২৯ সেপ্টেম্বর মাঠে নামবে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। শ্রীলঙ্কার প্রতিপক্ষ হবে ‘এ’ গ্রুপের শীর্ষ দল এবং বাংলাদেশের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের শীর্ষ দল।

 

পুরুষ বিভাগের দুই সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১ অক্টোবর। এরপর ৩ অক্টোবর হবে ব্রোঞ্জ পদকের লড়াই ও ফাইনাল।

 

ড্র অনুযায়ী, পুরুষ বিভাগে ভারত-পাকিস্তান দ্বৈরথের সম্ভাবনা রয়েছে শুধু পদকের ম্যাচে। অর্থাৎ দুই দল সেমিফাইনাল পেরোতে পারলে ৩ অক্টোবর ফাইনালে মুখোমুখি হতে পারে। আর সেমিফাইনালে হেরে গেলে একই দিনে ব্রোঞ্জ পদকের ম্যাচেও দেখা হতে পারে তাদের।

 

এর আগে ২০২৩ সালে চীনে অনুষ্ঠিত এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটে স্বর্ণ জিতেছিল ভারত। আফগানিস্তানের বিপক্ষে ফাইনাল বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় বাছাইয়ের ভিত্তিতে ভারতকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। আফগানিস্তান রৌপ্যপদক পায়। আর ব্রোঞ্জের ম্যাচে পাকিস্তানকে ছয় উইকেটে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশ।

 

নারী ক্রিকেটেও ২০২৩ আসরে স্বর্ণপদক জেতে ভারত। শ্রীলঙ্কা রৌপ্যপদক এবং পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ ব্রোঞ্জপদক অর্জন করে।

পুরুষ ক্রিকেটের সূচি

গ্রুপ পর্ব: ২৪–২৬ সেপ্টেম্বর

কোয়ার্টার ফাইনাল — ২৮ সেপ্টেম্বর
সকাল ৯টা: পাকিস্তান বনাম বি-২
দুপুর ২টা: ভারত বনাম এ-২

কোয়ার্টার ফাইনাল — ২৯ সেপ্টেম্বর
সকাল ৯টা: শ্রীলঙ্কা বনাম এ-১
দুপুর ২টা: বাংলাদেশ বনাম বি-১

সেমিফাইনাল — ১ অক্টোবর
সকাল ৯টা: সেমিফাইনাল-১
দুপুর ২টা: সেমিফাইনাল-২

৩ অক্টোবর
সকাল ৯টা: ব্রোঞ্জ পদকের ম্যাচ
দুপুর ২টা: ফাইনাল

নারী ক্রিকেটের সূচি

কোয়ার্টার ফাইনাল — ১৭ সেপ্টেম্বর
সকাল ৯টা: বাংলাদেশ বনাম চীন
দুপুর ২টা: পাকিস্তান বনাম থাইল্যান্ড

১৮ সেপ্টেম্বর
সকাল ৯টা: শ্রীলঙ্কা বনাম মালয়েশিয়া
দুপুর ২টা: ভারত বনাম জাপান

সেমিফাইনাল — ২০ সেপ্টেম্বর
সকাল ৯টা: সেমিফাইনাল-১
দুপুর ২টা: সেমিফাইনাল-২

২২ সেপ্টেম্বর
সকাল ৯টা: ব্রোঞ্জ পদকের ম্যাচ
দুপুর ২টা: ফাইনাল

এসআর

সম্পর্কিত খবর