বাংলাদেশের ক্রিকেটের অন্যতম পরিচিত মুখ সাকিব আল হাসান সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জানিয়েছেন, সর্বশেষ জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা থাকলেও নানা কারণে তা সম্ভব হয়নি। একই সঙ্গে ভবিষ্যতে সুযোগ পেলে নির্বাচনে অংশ নিয়ে জয়ের বিষয়ে তিনি আত্মবিশ্বাসী বলেও উল্লেখ করেন।
তিনি বলেন, নিজের নির্বাচনী এলাকা মাগুরার মানুষের সঙ্গে তার দীর্ঘমেয়াদি সম্পর্ক রয়েছে এবং তাদের জন্য কাজ করার আগ্রহও রয়েছে। তার বিশ্বাস, সুষ্ঠু পরিবেশে নির্বাচন হলে সেখানকার ভোটাররা তাকে সমর্থন দেবেন।
এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তিনি একটি রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে পরবর্তীতে দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর তার সংসদ সদস্য পদও আর বহাল থাকে না।

সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি আরও জানান, সর্বশেষ নির্বাচনেও প্রার্থী হওয়ার কথা ভেবেছিলেন। কিন্তু বাস্তব পরিস্থিতি ও দলীয় সিদ্ধান্ত বিবেচনায় সে পরিকল্পনা থেকে সরে আসতে হয়। তার ভাষ্য অনুযায়ী, সুযোগ পেলে নির্বাচনে অংশ নিয়ে নিজের অবস্থান প্রমাণ করতে আগ্রহী ছিলেন।
বর্তমানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তিত হয়েছে এবং নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। এই পরিস্থিতিতেও ভবিষ্যতে রাজনীতিতে সক্রিয় থাকার ইঙ্গিত দিয়েছেন তিনি।
এসআর