[email protected] সোমবার, ৬ এপ্রিল ২০২৬
২২ চৈত্র ১৪৩২

ক্রিকেটারদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন বিসিবি সভাপতি বুলবুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬ ১২:১২ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান কমিটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

আজ রোববার (৫ এপ্রিল) দুপুরে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।


বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিতব্য এ বৈঠকে সভাপতির পাশাপাশি নতুন নির্বাচক ও কোচিং প্যানেলের সদস্যরাও উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে। যদিও আলোচনার নির্দিষ্ট এজেন্ডা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে এটি মূলত সৌজন্য সাক্ষাৎ হিসেবেই দেখা হচ্ছে। দীর্ঘদিন পর দেশে ফিরে ক্রিকেটারদের সঙ্গে সরাসরি আলোচনার সুযোগ পাচ্ছেন বুলবুল।


এরই মধ্যে বিসিবি নির্বাচনকে ঘিরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে গঠিত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পক্ষ থেকে প্রস্তুত করা এ প্রতিবেদন শিগগিরই ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠানো হবে।


তদন্ত প্রক্রিয়ায় বিসিবি সভাপতিসহ বোর্ডের বেশ কয়েকজন কর্মকর্তা ও পরিচালকের বক্তব্য নেওয়া হয়। প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন এবং সহ-সভাপতি ফারুক আহমেদও তদন্ত কমিটির সামনে হাজির হন।


উল্লেখ্য, গত ১১ মার্চ অভিযোগগুলো খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে এনএসসি। এই প্রতিবেদনের ওপরই অনেকটা নির্ভর করছে বিসিবির বর্তমান কমিটির ভবিষ্যৎ।

এসআর

সম্পর্কিত খবর