বাংলাদেশ ক্রিকেট বোর্ড -এর নির্বাচন ঘিরে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন রোববার (৫ এপ্রিল) জমা দেওয়া হচ্ছে।
ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল -এর পাঁচ সদস্যের এই কমিটি সকাল ১১টার দিকে প্রতিবেদনটি ক্রীড়া মন্ত্রণালয়ে হস্তান্তর করবে। পরে তা তুলে দেওয়া হবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কাছে।
তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের একাধিক পরিচালক কমিটির সামনে উপস্থিত হয়ে বক্তব্য দিয়েছেন।
সভাপতির পর প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন। এছাড়া সহ-সভাপতি ফারুক আহমেদের সঙ্গেও কথা বলে কমিটি।
গত ১১ মার্চ অভিযোগগুলো যাচাই করতে এই তদন্ত কমিটি গঠন করা হয়। অভিযোগের মধ্যে ছিল অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার।
তবে তদন্ত নিয়ে শুরু থেকেই উদ্বেগ প্রকাশ করেছিল বিসিবি। তাদের আশঙ্কা ছিল, এ ধরনের অনুসন্ধান বোর্ডের স্বাধীনতা ও স্থিতিশীলতায় প্রভাব ফেলতে পারে, যা আন্তর্জাতিক ক্রিকেটের নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।
বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান পরিচালনা পর্ষদ সংবিধান অনুযায়ী নির্বাচিত এবং একটি প্রতিষ্ঠিত কাঠামোর মধ্যেই কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক নিয়ম মেনেই ক্রিকেট পরিচালনা করা হচ্ছে বলে দাবি তাদের।
এসআর