সংকট নেই—এমন দাবি থাকলেও বাস্তবে অস্থিরতার ইঙ্গিত মিলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড -এ।
শনিবার (৪ এপ্রিল) একই দিনে চারজন পরিচালক দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে ২৫ সদস্যের বোর্ডে এখন পর্যন্ত মোট সাতজন পদত্যাগ করলেন।
ওই দিন বোর্ড সভা অনুষ্ঠিত হলেও আলোচনার কেন্দ্রে ছিল পদত্যাগের বিষয়টি। সবার আগে দায়িত্ব ছাড়েন ফায়াজুর রহমান মিতু। ব্যক্তিগত কারণ দেখিয়ে বোর্ড মিটিং শেষে তিনি পদত্যাগপত্র জমা দেন। তিনি ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ও সিসিডিএমের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন।
এরপর রাতে ধারাবাহিকভাবে পদত্যাগ করেন ফ্যাসিলিটিজ বিভাগের চেয়ারম্যান শাহনিয়ান তানিম এবং সিকিউরিটি বিভাগের চেয়ারম্যান মেহরব আলম চৌধুরী। সবশেষে পদত্যাগ করেন মনজুর আলম।
এদিন সরে দাঁড়ানো চার পরিচালকই গত অক্টোবরে ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছিলেন। এর আগে ইশতিয়াক সাদেক, আমজাদ হোসেন এবং ইয়াসির মোহাম্মদ ফয়সালও দায়িত্ব ছেড়েছেন। ফয়সাল ছিলেন National Sports Council-এর মনোনীত প্রতিনিধি।
এদিকে বিসিবির সর্বশেষ নির্বাচনে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। ইতোমধ্যে কয়েকজন পরিচালক ওই কমিটির সামনে বক্তব্য দিয়েছেন। নির্ধারিত সময়সীমার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে এবং শিগগিরই তা প্রকাশ হতে পারে বলে জানা গেছে।
এমন প্রেক্ষাপটে একের পর এক পরিচালকের পদত্যাগ বোর্ডের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।
এসআর