[email protected] সোমবার, ৬ এপ্রিল ২০২৬
২২ চৈত্র ১৪৩২

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়শীপ

ঐতিহাসিক জয়ে অনূর্ধ্ব-২০ দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন, পুরস্কার ঘোষনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৬ ১০:০২ পিএম

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সাফল্য অর্জন করায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

মালদ্বীপের রাজধানী মালের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শক্তিশালী ভারতকে টাইব্রেকারে ৪–৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশের তরুণ ফুটবলাররা। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় গোলশূন্য সমতায়, এরপর স্নায়ুচাপের টাইব্রেকারে দৃঢ়তা ও দক্ষতায় এগিয়ে যায় বাংলাদেশ।

এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, “আমাদের যুব ফুটবলাররা আজ যে অদম্য স্পৃহা, শৃঙ্খলা ও নৈপুণ্য প্রদর্শন করেছে, তা পুরো জাতির জন্য অত্যন্ত গর্বের। ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে এই শিরোপা জয় বাংলাদেশের ফুটবলের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করল।”

তিনি আরও বলেন, মাঠে খেলোয়াড়দের লড়াকু মানসিকতা ও আত্মবিশ্বাস ভবিষ্যতে আরও বড় সাফল্যের পথ দেখাবে।

এই অসামান্য অর্জনের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের জন্য বিশেষ আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, সরকারের এই উৎসাহ ও পৃষ্ঠপোষকতা তরুণদের আগামী দিনে আরও ভালো পারফরম্যান্সে অনুপ্রাণিত করবে।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের ক্রীড়াঙ্গনের মানোন্নয়নে বদ্ধপরিকর। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলারদের খুঁজে বের করে তাদের যথাযথ প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে।

এই ঐতিহাসিক জয় শুধু একটি শিরোপা নয়—এটি বাংলাদেশের ফুটবলের সম্ভাবনা, আত্মবিশ্বাস এবং ভবিষ্যতের পথচলার প্রতীক। তরুণদের এই সাফল্য দেশের ক্রীড়াঙ্গনে নতুন আশা জাগিয়েছে।

 

এসআর

সম্পর্কিত খবর